দিল্লির মহিলারা ১৬ মাসেও ২৫০০ টাকা পেলেন না কেন, প্রশ্নে বিব্রত রেখা গুপ্তা
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
সুমন তেওয়ারি, রানিগঞ্জ: ৮ ফেব্রুয়ারি দিল্লি ভোটের ফল প্রকাশ হয়েছিল। সেদিন সন্ধ্যায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা ছিল, রাজধানীর প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে এক মাসের মধ্যে ঢুকে যাবে আড়াই হাজার টাকা। প্রকল্পের নাম, ‘মহিলা সমৃদ্ধি যোজনা’। ১৬ মাস দিল্লিতে ‘রাজত্ব’ করছেন বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অথচ ১৬ টাকাও কোনো মহিলা পেয়েছেন বলে দাবি করতে পারবেন না কেউ। তাঁরাই লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করে প্রশ্ন তুলছেন বাংলার নারী সুরক্ষা নিয়ে। সেটাও বাংলার প্রচারে এসে। আর রানিগঞ্জে এই ‘স্বাভাবিক’ প্রশ্নের মুখেই পড়তে হল রেখা গুপ্তাকে— আপনাদের প্রতিশ্রুতি মতো দিল্লির মহিলারা ২৫০০ টাকা করে পাচ্ছেন না কেন? প্রথমে খানিক বিব্রত হওয়া, আর তারপর সাফ প্রসঙ্গই এড়িয়ে যাওয়া। এই ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দূরঅস্ত, নজর ঘোরাতে তাঁর দাবি, ১৫ বছর তৃণমূল বাংলার মহিলাদের উপর অত্যাচার করেছে। তারাই আবার হিসাব চাইছে! তৃণমূলের হিসাব চাওয়ার অধিকার নেই। বাংলায় বিজেপির ডবল ইঞ্জিন সরকার হবে। মহিলারা সম্মানের সঙ্গে বাঁচবে।
বস্তুত, এই প্রশ্ন তৃণমূলের ছিল না। সাংবাদিকের ছিল। অর্থাৎ, আম জনতার। এর রাজনৈতিক উত্তর দিল্লির মুখ্যমন্ত্রীর থেকে প্রত্যাশিত ছিল না। অথচ, এই বিজেপিই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অনুপ্রেরণায়’ শুক্রবারই ইস্তাহার প্রকাশ করেছে। অনুপ্রেরণা কেন? লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী—সবই আছে তাতে। মমতাকে লাগাতার ভাতা নিয়ে কটাক্ষের পরও। বিজেপির প্রতিশ্রুতি শুনে দিল্লির মহিলারা আগেই এরাজ্যের আত্মীয়দের সতর্ক করেছিলেন। টাকা কিন্তু পাবে না। সেই প্রশ্নই উঠে এসেছে রানিগঞ্জে। নজর করার মতো বিষয় হল, মহিলা সমৃদ্ধি যোজনা নিয়ে তাঁর দীর্ঘ ভাষণে একটি শব্দও খরচ করেননি রেখা গুপ্তা। উলটে তাঁর দাবি, ‘দিল্লিতে বিজেপি সরকার আসার পর মহিলাদের বাস ভাড়া ফ্রি করা হয়েছে (সেটাও অরবিন্দ কেজরিওয়ালের প্রকল্প)। বাংলায় বিজেপি সরকার এলেও তাই করা হবে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মহিলারা ৩০০০ টাকা পাবেন, মহিলারা খুশি তো?’ সভার পরপর ফাঁকা চেয়ার অবশ্য সাড়া দেয়নি। অবাঙালি প্রভাবিত রানিগঞ্জ। সেখানে পার্শ্ববর্তী জামুড়িয়া, অণ্ডাল থেকে লোক এনেও সভাস্থল ভরানো যায়নি। রেখা গুপ্তা মঞ্চে থাকার সময়েও বহু চেয়ার ফাঁকাই ছিল। অল্প সংখ্যক কর্মী-সমর্থক নিয়েই রানিগঞ্জের বিজেপি প্রার্থী পার্থ ঘোষের সমর্থনে ভোট চান রেখা।
রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘দিল্লির মেয়েরা এক টাকাও পাননি। তাঁরা বুঝে গিয়েছেন বিজেপি তাঁদের ভাঁওতা দিয়েছে। বাংলার মা-বোনেরা আগে থেকেই জানেন, যারা বাংলার বাড়ির টাকা, ১০০ দিনের কাজের টাকা আটকে রাখে, তারা বাংলার মায়েদের পাশে দাঁড়াবে না।’