গাড়িতে প্রচার বিজেপি প্রার্থী জোয়েলের, মানুষের প্রশ্নের ভয়ে! কটাক্ষ তৃণমূলের
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: শনিবার জনবহুল এলাকায় গাড়িতে চড়ে ভোট প্রচার করলেন বিজেপির বিদায়ী বিধায়ক জোয়েল মুর্মু। এনিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। মানুষ উন্নয়নের হিসেব চাইবে, সেই কারণেই গাড়ি চড়ে প্রচার করছেন হবিবপুরের বিজেপি প্রার্থী, এমনটাই দাবি তৃণমূলের। তবে বিষয়টিকে পাত্তা দিতে চাননি বিজেপি প্রার্থী। তাঁর দাবি, তৃণমূল এসব গুজব রটিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। শনিবার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় গাড়িতে চড়ে প্রচার চালান বিজেপি প্রার্থী জোয়েল। এনিয়ে সমালোচনার ঝড় হবিবপুর জুড়ে।
বিধানসভা ভোট এগিয়ে আসতেই প্রচারের ঝড় তুলেছে রাজনৈতিক দলগুলি। অভিনব কায়দায় মানুষের সঙ্গে মিশে যেতে চাইছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যেই বুলবুলচণ্ডী এলাকায় হুড খোলা গাড়িতে করে প্রচার করে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী। মধ্যম কেন্দুয়া থেকে গাড়ি ও বাইকে করে ডোবাপাড়া, সোলাডাঙ্গা সহ বিভিন্ন এলাকা ঘুরে এসে বুলবুলচণ্ডী বাসস্ট্যান্ড এলাকায় শেষ করা হয় প্রচার কর্মসূচি।
তৃণমূলের অভিযোগ, জনবহুল এলাকায় গাড়িতে কেন? হেঁটে প্রচার করতে ভয় পেয়েছে বিজেপি। কারণ গত পাঁচ বছরে এলাকায় বিজেপি কোনো কাজ করেনি। এলাকার মানুষ সেবিষয়ে প্রশ্ন করলে বিদায়ী বিধায়ক কোনো উত্তর দিতে পারবেন না। সেই কারণেই তিনি গাড়ি চড়ে প্রচার করেছেন। মাটিতে পা দেননি।
তৃণমূলের হবিবপুর ব্লক সভাপতি স্বপন সরকার বলেন, তৃণমূল সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের সমস্যা আক্ষেপ শুনে প্রচার করছে। বিধায়ক গত পাঁচ বছরে কোনো কাজ না করায় মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। হেঁটে প্রচার করলে মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে। সেকথা ভেবেই বিজেপি প্রার্থী না হেঁটে গাড়ি চড়ে প্রচার করেছেন। চিন্তা নেই, আগামী দিন তৃণমূলের বিধায়ক মানুষের কথা শুনে তাদের সমস্যা সমাধান করবে।
বিজেপি নেতৃত্ব জানিয়েছে, অনেক বেশি মানুষের মধ্যে গিয়ে জনসংযোগ করার উদ্দেশ্যে কিছু জায়গায় গাড়ি চড়ে জনসংযোগ করা হয়েছে। মানুষের বাড়ি পৌঁছে কথা বলে নিয়মিত প্রচার চলছে। বিজেপি মানুষকে পরিষেবা দিতে চায়। বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু বলেন, তৃণমূল ভুল প্রচার করছে। গাড়িতে কিছু জায়গায় প্রচার করা হয়েছে। হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়েও প্রচার করছি। মিথ্যাকে আশ্রয় করে ভোট বাড়াতে চাইছে তৃণমূল। সাধারণ মানুষ সব জানে। পুনরায় এই বিধানসভা থেকে তারা আমাকে বিপুল ভোটে জেতাবে।