ভিক্টর কি সর্বদলীয়? ভোটপ্রচারে বেরিয়ে কটাক্ষ তৃণমূল প্রার্থী মিনহাজুলের
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
কাজল মণ্ডল, ইসলামপুর: চাকুলিয়াতে কংগ্রেস আর গোয়ালপোখরে নির্দল। তিনি কি সর্বদলীয়? এভাবেই আলি ইমরান রমজ ওরফে ভিক্টরকে কটাক্ষ করছেন চাকুলিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ। কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে মিনহাজুল টিপ্পনি করায় শুরু হয়েছে জোর তরজা।
এবার বিধানসভা নির্বাচনে চাকুলিয়া ও গোয়ালপোখর-দু’টি আসনে প্রার্থী হতে চেয়ে দলের কাছে দাবি জানিয়েছিলেন কংগ্রেস নেতা ভিক্টর। কিন্তু দল তাঁকে শুধু চাকুলিয়ায় প্রার্থী করেছে। গোয়ালপোখরে মাসুদ মহম্মদ নাসিম এহসানকে প্রার্থী করেছে কংগ্রেস নেতৃত্ব। এতে ভিক্টর অনুগামীরা ক্ষুব্ধ। এদিকে বিজেপির টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে গোলাম সরওয়ার ভিক্টরের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়ে গোয়ালপোখরে নির্দল প্রার্থী হয়েছেন। ভিক্টর অনুগামীদের একাংশ নির্দল প্রার্থী সরওয়ারের সমর্থনে প্রচারও করছেন। আবার গোয়ালপোখরের নির্দল প্রার্থী গোলাম সরওয়ার নিজেকে ভিক্টরের সমর্থিত বলে দাবি করছেন। বিভিন্ন সভায় ব্যানারেও ভিক্টরের ছবি ব্যবহার করছেন নির্দল সরওয়ার। ভিক্টরের নাম করে ভোট বৈতরণি পার হওয়ার কৌশল নেওয়ায় অস্বস্তিতে হাত শিবির। নির্দল প্রার্থী গোলাম বলেছেন, গোয়ালপোখরে ভিক্টরের সমর্থন আছে।
রাজনৈতিক মহল বলছে, গোয়ালপোখরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গোঁজপ্রার্থী দিয়েছেন চাকুলিয়ার প্রার্থী ভিক্টর। গোয়ালপোখরের কংগ্রেস প্রার্থী মাসুদ মহম্মদ নাসিম বলেন, সমস্ত বিষয় নেতৃত্বকে জানানো হয়েছে। তারাই এবিষয়ে ব্যবস্থা নেবে।
চাকুলিয়ায় তৃণমূল প্রার্থী মিনহাজুলের প্রতিপক্ষ কংগ্রেসের ভিক্টর। প্রচারের ফাঁকে তৃণমূল প্রার্থী বলছেন, ভিক্টর কোনো ফ্যাক্টরই নয়। মানুষের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ নিচ্ছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। জয় শুধু সময়ের অপেক্ষা। গত পাঁচ বছরের উন্নয়নমূলক কাজ দেখেই চাকুলিয়াবাসী তৃণমূলকে ভোট দেবে বলে দাবি বিদায়ী বিধায়ক মিনহাজুলের।
একুশের আগে ভিক্টর চাকুলিয়ার বিধায়ক ছিলেন। সেসময় তিনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন। তাঁর বাবা প্রয়াত রমজান আলি ও কাকা হাফিজ আলম সাইরানি চাকুলিয়ার বিধায়ক ছিলেন। ফলে এলাকায় ভিক্টরের প্রভাব আছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির ভোটব্যাংক নির্দিষ্ট। ভিক্টর কি তৃণমূলের ভোট কাটবে? তৃণমূল প্রার্থী মিনহাজুল বলেন, ভিক্টর কোন দল করেন? চাকুলিয়াতে কংগ্রেস, আর গোয়ালপোখরে নির্দল? তিনি কি সর্বদলীয়?
ভিক্টরের জবাব, আমি কংগ্রেসের প্রার্থী। কর্মী, সমর্থকদের নিয়ে চাকুলিয়ায় প্রচার করছি। গোয়ালপোখরের নির্দল প্রার্থী সরওয়ার প্রসঙ্গে ভিক্টর বলেন, আমি গোলাম সরওয়ারকে দলে যোগদান করিয়েছি। যোগদানের পর তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছেন। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তৃণমূল নিজের ঘর রক্ষা করুক।