• বিজেপির সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • মুতাহার কামাল, চোপড়া: বিজেপি নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক চোপড়ার কংগ্রেস প্রার্থী জাকির আবেদিনের! নির্বাচনের মুখে এই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই সরগরম উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা কেন্দ্র। বিজেপি নেতৃত্বের সঙ্গে কংগ্রেস প্রার্থী এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া জিসিপিএ নেতার ছবি একইসঙ্গে ভাইরাল হতেই সেটিং তত্ত্ব এনেছে তৃণমূল কংগ্রেস। 

    ছবিতে দেখা যাচ্ছে, চোপড়ার কংগ্রেস প্রার্থী জাকির, কংগ্রেস নেতা অশোক রায়, জিসিপিএ’র তৎকালীন ব্লক সভাপতি (সদ্য বিজেপিতে যোগদানকারী) সোমনাথ সিংহ, বিজেপি নেতা সুবোধ সরকারকে। তৃণমূলের দাবি, একটি হোটেলে বসে নির্বাচনি আঁতাত করার সময় এই ছবি তোলা হয়েছে। তৃণমূলের ব্লক সহ সভাপতি জিয়াউল হক সরাসরি তোপ দেগে বলেছেন, চোপড়ায় তৃণমূল প্রার্থী হামিদুল রহমানকে হারানোর জন্য সমস্ত বিরোধীদল এক হয়ে গোপন বৈঠক করেছে। ভোটের মাধ্যমে সাধারণ মানুষ এই অশুভ আঁতাতের যোগ্য জবাব দেবে। 

    আঁতাতের অভিযোগ উড়িয়ে কংগ্রেস প্রার্থী জাকির বলেন, একটি চা বাগানের সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। সেই ছবি ভাইরাল করা হয়েছে। সোমনাথ জানান,  চা বাগানে আদিবাসীদের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে আলোচনা করতে ওই বৈঠক ডাকা হয়েছিল। শাসকদল অহেতুক ছবি ভাইরাল করে নোংরা রাজনীতি করছে। বিজেপি নেতা সুবোধ বলেন, তৃণমূল ভয় পেয়েছে। সামান্য একটা বৈঠকের ছবি দিয়ে মানুষের আস্থা পেতে চাইছে তারা। 

    তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, চা বাগানের সমস্যা নিয়ে বৈঠক হলে সেখানে তৃণমূলের প্রতিনিধি নেই কেন? এমনকি দল থেকে বহিষ্কৃত নেতাকে নিয়ে কেন গোপন বৈঠক করতে হল? যদিও তৃণমূলের অভিযোগকে পাত্তা দিতে চাননি কংগ্রেস প্রার্থী।
  • Link to this news (বর্তমান)