অপু রায়, কশালবাড়ি: নকশালবাড়িতে পোস্টার কাণ্ডের জেরে এলাকাছাড়া স্থানীয় বিজেপি নেতৃত্ব। এতে এলাকায় প্রচারে পিছিয়ে পড়েছে বিজেপি। তবে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার চলছে। কংগ্রেস ও সিপিএমে প্রার্থীরাও প্রচার করছেন। শনিবার নকশালবাড়ি বাজারে কংগ্রেসের মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অমিতাভ সরকার ও সিপিএমের ঝরেন রায় একসঙ্গে প্রচার চালান। প্রচার পর্বে একে অপরের সঙ্গে গলা মিলিয়ে সৌজন্য বিনিময় করেন। এদিকে তৃণমূল প্রার্থী শংকর মালাকারের হয়ে কো-অর্ডিনেটর অরুণ ঘোষ এলাকায় এলাকায় দাপিয়ে প্রচার করছেন।
এনিয়ে অরুণবাবু বলেন, প্রার্থীর শুধু একার প্রচারের দায়িত্ব নেই। দলের সমস্ত স্তরের নেতৃত্ব ভোটের ময়দানে নেমে পড়েছে। এবার আমরা এখানে জিতব।
উল্লেখ্য, বুধবার নকশালবাড়ির রায়পাড়ায় ‘বয়কট বিজেপির’ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনা এতটাই চরমে ওঠে যে তৃণমূল ও বিজেপির কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দুই পক্ষের তরফ থেকেই নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়। ওই ঘটনায় দু’পক্ষের চার জন গ্রেপ্তার হয়। এদিকে অভিযোগের পর বিজেপি নেতৃত্ব এলাকা ছেড়ে পালিয়েছে। এর জেরে নকশালবাড়িতে প্রচারে পিছিয়ে পড়েছে বিজেপি। যদিও তৃণমূল পরিকল্পনা মতো এলাকায় জোরদার প্রচার চালাচ্ছেন।
এদিকে এদিন নকশালবাড়ি বাজারে কংগ্রেস ও সিপিএমের প্রার্থীরা জনসংযোগ করেন। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার নকশালবাড়ির দলীয় কার্যালয় থেকে গোটা বাজার এলাকায় প্রচার চালান। প্রচার শেষে অমিতাভবাবু বলেন, পোস্টার ছেঁড়ায় সবচেয়ে ভুক্তভোগী কংগ্রেস। আমরা তিন হাজার পোস্টার বানিয়েছিলাম। তার ৬০ শতাংশ পোস্টার নেই। সকলের কাছে অনুরোধ রাতের অন্ধকারে দয়া করে পোস্টার ছিঁড়ে ফেলবেন না। সিপিএম প্রার্থী ঝরেন রায় বলেন, মানুষ আমাদের পাশে রয়েছে। তা প্রচারে বোঝা যাচ্ছে।