পৃথক মহিলা কলেজ, ময়নাগুড়িতে তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের প্রতিশ্রুতিতে অ্যাডভান্টেজ তৃণমূলের
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। ভোট আবহে সর্বদলের প্রচারের মূল কেন্দ্রবিন্দু প্রতিজ্ঞাপত্র। এবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে আজ স্থানীয়ভাবে প্রতিজ্ঞাপত্র ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়। আর এই প্রতিজ্ঞাপত্রে বিশেষ স্থান পেয়েছে ময়নাগুড়িতে পৃথক মহিলা কলেজ গড়ার প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতিতে ইতিবাচক সাড়া মিলেছে ময়নাগুড়িবাসিদের থেকে। তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের আলাদা মহিলা কলেজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতিতে বিশেষ অ্যাডভান্টেজ পেতে পারে তৃণমূল, এমনই মনে করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ববৃন্দ।
এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে ময়নাগুড়ি কলেজের ইতিহাস বিভাগের প্রধান সুস্মিতা পণ্ডিত বলেন, 'এই মুহূর্তে ময়নাগুড়িতে একটি মহিলা কলেজ অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের কলেজে প্রায় ৬৫০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে, যার মধ্যে প্রায় ৬৭ শতাংশই মহিলা।' তিনি আরও জানান, কোচবিহার জেলার রানিরহাট, ক্রান্তি, বাসুসুবা সহ বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে বহু ছাত্রী এখানে পড়তে আসেন। ফলে কলেজে ভিড় অত্যন্ত বেশি। 'পরীক্ষার সময় তো বসার জায়গা পর্যন্ত থাকে না। অনেক সময় বারান্দা বা খোলা জায়গায় বসিয়ে পরীক্ষা নিতে হয়', এমনও জানান তিনি।
শুধু কলেজই নয়, ছাত্রাবাসের অভাবও বড় সমস্যা বলে উল্লেখ করেন সুস্মিতা পণ্ডিত। তাঁর মতে, 'যদি একটি আলাদা মহিলা কলেজের পাশাপাশি ছাত্রীদের জন্য হোস্টেল তৈরি করা হয়, তাহলে তা পড়ুয়াদের জন্য অত্যন্ত উপকারী হবে'।