সংবাদদাতা, ঘাটাল: ভোট আসে, যায়। কিন্তু প্রচারের লড়াইয়ে বারবার ক্ষতবিক্ষত হতে হয় নির্বাক প্রকৃতিকে। ভোটযুদ্ধের দামামা বাজতেই ঘাটাল মহকুমার সর্বত্র বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারের ধুম পড়েছে। তবে সেই প্রচারের মাধ্যম হিসেবে অত্যন্ত অমানবিক ভাবে বেছে নেওয়া হচ্ছে রাস্তার ধারের গাছগুলিকে। দলীয় পতাকা থেকে ফ্লেক্স সবই টাঙানো হচ্ছে গাছের গুড়িতে নির্দয়ভাবে পেরেক ঠুকে। রাজনীতির এই ‘পেরেক বিদ্ধ’ প্রচারের বিরুদ্ধেই এবার রুখে দাঁড়িয়েছেন ঘাটাল থানার জয়কৃষ্ণপুরের এক যুবক।
পেশায় ঘাটাল হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী বছর তেত্রিশের গৌতম পাত্রের বিশ্বাস গাছই প্রাণ। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই শুরু হয়েছিল তাঁর সবুজ অভিযান। আজ পর্যন্ত স্কুল, হাসপাতাল, ক্লাব ও সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় প্রায় ৩৭ হাজার গাছের চারা রোপণ করেছেন। শুধু গাছ লাগানোই নয়, সেগুলিকে সন্তানসম আগলে বড় করে তুলছেন গৌতমবাবু। তাঁর এই নিঃস্বার্থ কাজের জন্য প্রশাসনিক স্তরেও বারবার প্রশংসিত হয়েছেন তিনি। সদ্য প্রাক্তন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, যেখানে মানুষ উন্নয়নের দোহাই দিয়ে গাছ কাটতে দ্বিধা করে না, সেখানে গৌতমের লক্ষ্য কেবলই সবুজায়ন। গৌতম সরকারি, বেসরকারি বহু জায়গায় গাছ লাগান ও সেগুলিকে সযত্নে বড় করে তোলেন। বর্তমানে ভোটের পোস্টার বা ফ্লেক্স মারার জন্য যথেচ্ছভাবে গাছ ব্যবহার করায় ক্ষুব্ধ এই প্রকৃতি প্রেমী। গৌতমবাবুর দাবি, রাজনৈতিক দলগুলি প্রচার চালাতেই পারে, কিন্তু তার জন্য পরিবেশের ক্ষতি করা মানা যায় না। ডিউটির ফাঁকেই তিনি সময় বের করে বেরিয়ে পড়েন হাতুড়ি ও সাঁড়াশি নিয়ে। যেখানেই দেখছেন গাছের গায়ে পেরেক বিঁধিয়ে পোস্টার, ফ্লেক্স ঝুলছে, সেখান থেকেই নিজের উদ্যোগে পরম যত্নে খুলে দিচ্ছেন পেরেক। গৌতমের স্পষ্ট কথা, প্রচারের জন্য অনেক বিকল্প মাধ্যম থাকলেও কেন বারবার অবলা গাছকেই বেছে নেওয়া হচ্ছে? একটি পেরেক গাছের শরীরে কতটা ক্ষতি করতে পারে তা নিয়েও তিনি সরব হন। গাছের এই নীরব যন্ত্রণার কথা ভেবেই তিনি বিষয়টি নির্বাচন কমিশনকেও জানিয়েছেন। এনিয়ে ঘাটাল বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার কিংবা চন্দ্রকোণার বিজেপি প্রাথী সুকান্ত দলুই একই সুরে বলেন, আমরাও চাই না গাছে পেরেক গেঁথে ভোটের প্রচার চলুক। পোস্টার ও ব্যানার লাগানোর সময় দড়ি দিয়ে বেঁধে লাগানোর কথা বলা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অজান্তেই ব্যানারগুলি পেরেক দিয়ে গাছে সাঁটা হচ্ছে। আমরা ওই পোস্টারগুলি খুলে নেব।