পিনাকী ধোলে, সাঁইথিয়া: নির্বাচনি লড়াইয়ের ময়দানে স্রেফ জয় নয়, ব্যবধান বাড়িয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার কৌশল বাতলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে সাঁইথিয়ার বিবেকানন্দ পল্লি মেলার মাঠে দলীয় প্রার্থী নীলাবতি সাহার সমর্থনে আয়োজিত জনসভা থেকে অভিষেক ৫০ হাজার ভোটে জয়ের লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন। তাঁর সাফ কথা, ‘গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১৫ হাজার এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৩৫ হাজারের লিড ছিল। এবার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে সেই লিড ৫০ হাজারে নিয়ে যেতে হবে।’ জয়ের টার্গেট বাঁধার পাশাপাশি এদিন মোদি সরকারের ১২বছরের কাজের খতিয়ান চেয়ে আক্রমণাত্মক মেজাজে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তিনি।
সম্প্রতি সিউড়িতে প্রধানমন্ত্রীর সভার প্রসঙ্গ টেনে অভিষেক এদিন মোদিকে সরাসরি আক্রমণ শানান। ১২বছর ধরে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকলেও বীরভূমের সাধারণ মানুষের জন্য কেন্দ্র কী করেছে সেই প্রশ্ন তোলেন। অভিষেক বলেন, ‘প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, ১২ বছরে আপনি বীরভূমের জন্য কী করেছেন তার একটি নিদর্শন দিন। কিন্তু তাঁর ঝুলি শূন্য। অথচ আমাদের বিধায়ক যা কাজ করেছেন, তা মানুষের চোখের সামনে উজ্জ্বল হয়ে আছে।’ অভিষেকের দাবি, নীলাবতি সাহা বিধায়ক থাকাকালীন সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করা হয়েছে। নতুন ভবনে প্যাথলজি, চক্ষু বিভাগ থেকে সিজারিয়ান ডেলিভারি পরিষেবা চালু হয়েছে। দ্রুত আইসিইউ পরিষেবা শুরুর প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া ময়ূরাক্ষী নদীর উপর সেতু ও যানজট রুখতে দু’টি বাইপাস তৈরির মাধ্যমে এলাকার পরিকাঠামোগত উন্নয়নের দাবিও এদিন তাঁর ভাষণে উঠে আসে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপির ‘সংকল্পপত্র’কে এদিন বিদ্রুপ করে অভিষেক বলেন, ‘ওরা মহিলাদের ৩,০০০ টাকা দেওয়ার টোপ দিচ্ছে। একইভাবে দিল্লিতেও ক্ষমতায় এসে আড়াই হাজার টাকা দেওয়ার টোপ দিয়েছিল। কিন্তু গত ১৫ মাস সরকার গঠন করলেও এখনও ২৫ পয়সাও দেয়নি। ভোটের আগে বিহারে ১০ হাজার টাকা দিয়ে এখন ফেরত চাইছে।’ পাল্টা অভিষেকের প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ি বাড়ি নলবাহিত পরিস্রুত পানীয় জল, বাংলার প্রতিটি গরিব পরিবারকে পাকা বাড়ি করে দেবে রাজ্য। অভিষেকের তোপ, ‘আমাদের গ্যারান্টি মানে লাইফটাইম ওয়ারেন্টি, বিজেপির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি।’ নাগরিকত্ব ও এসআইআর ইস্যুতে বিজেপিকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার ডাক দেন তৃণমূল সেনাপতি। অভিষেক ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এরা বাংলার সংস্কৃতি জানে না। বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেয়। যারা আমাদের অপমান করেছে, লাইনে দাঁড় করিয়েছে, তাদের এমন শিক্ষা দিতে হবে যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে। বাংলার মানুষের ১০ পয়সা আটকানোর আগে যেন বিজেপি নেতারা একশোবার ভাবেন।’ জনতার উদ্দেশে তাঁর পরামর্শ, ‘পদ্মফুলের থেকে টাকা নেবেন, আর জোড়াফুলে ভোট দেবেন।’