• সিলিন্ডার পাচ্ছেন না বহু প্রার্থী, প্রচারই হোক বা প্রতীক, লাইমলাইটে রান্নার গ্যাস
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভগবানগোলার নুরুল ইসলাম। এবার তিনি ভোটে বিকাশ ইন্ডিয়া পার্টির হয়ে লড়ছেন। তাঁর প্রতীক গ্যাস সিলিন্ডার। এই কেন্দ্রের এক নির্দল প্রার্থী হলেন একরামুল হক। তিনিও সিলিন্ডার চিহ্ন নিয়ে ভোটে লড়তে চেয়েছিলেন। কিন্তু আবেদনের সময় জানতে পারেন গ্যাস পেয়ে গিয়েছেন নুরুলবাবু।

    কলকাতার রাসবিহারী কেন্দ্র থেকে নির্দল হিসেবে লড়ছেন দেবাশীষ দেবনাথ। তিনি জানালেন, শেষ লগ্নে মনোনয়ন জমা করেছেন। সে কারণে গ্যাস সিলিন্ডার শেষে হয়ে যায়। ফলে সে প্রতীক চেয়েও পাননি। এই দু’জন শুধু নন, সিলিন্ডার চেয়ে পাননি অনেক প্রার্থীই। তাঁদের বক্তব্য, ‘গ্যাস সিলিন্ডার নিয়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে দেশে। সকলের নজর গ্যাসের দিকে। ফলে সিলিন্ডার প্রতীক সকলেরই নজর কাড়বে। তাই এবছর এর এত ডিমান্ড।’

    বাস্তবিকই প্রবল গ্যাস সংকট চলছে। ভুগছে দেশ, ভুগছে এ রাজ্যও। সংকটের জন্য বেড়েছে রান্নার গ্যাসের দাম। এখন বিধানসভা ভোটের বিতর্ক এবং গ্যাস নিয়েই সর্বত্র আলোচনা। গ্যাসের প্রভাব সরাসরি পড়েছে ভোটের ময়দানেও। প্রচার এবং প্রতীক, এই দু’টি ক্ষেত্রেই সিলিন্ডারের দাপট। বিধানসভা ভোটে লড়তে অনেক প্রার্থীই গ্যাস সিলিন্ডারকে প্রতীক হিসেবে বেছে নিতে আগ্রহ দেখিয়েছেন। এই প্রতীকের চাহিদা এতটাই বেড়েছে যে, দেবাশীষ বা একরামুলের মতো অনেকে চেয়েও পাননি। 

    ভোটে নির্দল বা অনেক নতুন দল নির্বাচনে অংশ গ্রহণ করে। তাদের নির্দিষ্ট প্রতীক নেই। ভোটে নির্বাচন কমিশনের দেওয়া কোনো চিহ্ন বেছে নিতে হয় তাঁদের। নির্ধারিত তালিকা থেকে তিনটি প্রতীক বেছে নিয়ে আবেদন জানাতে হয়। তার থেকে সংশ্লিষ্ট প্রার্থীর জন্য একটি প্রতীক নির্দিষ্ট করা হয়। এবার দেখা যাচ্ছে, অনেকে সিসিটিভি, রবার স্ট্যাম্প, টেলিভিশন, দাবার বোর্ডের মতো প্রতীক বেছে নিয়েছেন। তবে অনেকেই গ্যাস সিলিন্ডার প্রতীক চিহ্নে লড়াই করতে মরিয়া। তেমনই একজন ভগবানগোলার নুরুল ইসলাম। ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা ভোটে নির্দল হিসেবে লড়াই করেছেন তিনি। ২০২৬-এর বিধানসভা ভোটেও দাঁড়িয়েছেন। এবার লড়ছেন বিকাশ ইন্ডিয়া পার্টির হয়ে। নুরুলবাবু জানান, তিনি একা নন। তাঁর দলের হয়ে এ রাজ্যে লড়ছেন আরও পাঁচ প্রার্থী। তাঁদের মধ্যে একজন নৌকা প্রতীক পেয়েছেন। বাকি সকলেই লড়ছেন গ্যাস সিলিন্ডার চিহ্নে। তাঁর কথায়, ‘বর্তমানে গ্যাস সিলিন্ডার নিয়ে যা পরিস্থিতি তাতে এই চিহ্ন নিলে মানুষের নজরে পড়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে বলে মনে হচ্ছে।’ এই কেন্দ্রেরই নির্দল একরামুল হক গ্যাস সিলিন্ডার চিহ্ন নিয়ে লড়তে চেয়েছিলেন। কিন্তু আবেদনের সময় জানতে পারেন এই চিহ্ন আগেই পেয়ে গিয়েছেন নুরুলবাবু। 

    গ্যাস সিলিন্ডার চিহ্ন নিয়ে লড়ছেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের কীর্তিরাম বর্মণ। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্দল হিসেবে চিহ্নিত ৩৩ বছরের এই যুবক আসলে লড়ছেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রার্থী হিসেবে। তিনি জানান, পশ্চিমবঙ্গে তাঁর দলের হয়ে লড়াই করছেন প্রায় ৩৫ প্রার্থী। তাঁদের মধ্যে ৬০ শতাংশই লড়ছেন গ্যাস সিলিন্ডার চিহ্ন নিয়ে। আর রাসবিহারী কেন্দ্রের নির্দল দেবাশীষ দেবনাথ জানান, গ্যাস সিলিন্ডার চেয়েও পাননি। 

    তবে গ্যাস শুধু নয়, এই সংকটকালে স্টোভ চিহ্নেরও গিয়েছে কদর বেড়ে। অনেকে স্টোভ নিয়ে লড়ছেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)