সংবাদদাতা, বনগাঁ: বিধানসভা ভোটের আগে বড় সাফল্য পেল বাগদা থানার পুলিশ। নাকা চেকিংয়ের সময় গাঁজা সহ গ্রেপ্তার করা হল এক দুষ্কৃতীকে। উদ্ধার হয়েছে প্রায় ১৪ কেজি গাঁজা। ধৃত দুষ্কৃতীর নাম তারিকুল মণ্ডল (৩৫)। বাড়ি বনগাঁ থানার ভুলোট গ্রামে। ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছেন।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বাগদা থানার পুলিশ আষাঢ়ু-বাঁশঘাটা সড়কের হেরোভাঙা শ্মশানঘাট এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল। তখন কয়েকজনকে ব্যাগ হাতে এগিয়ে আসতে দেখা যায়। পুলিশকে দেখে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তারিকুল নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে। তল্লাশি করতেই তাঁর ব্যাগ থেকে ১৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। সেগুলি পলিথিনের প্যাকেটে ছিল। বাকিরা পালিয়ে যায়। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। বাগদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক দাম কয়েক লক্ষ টাকা।