নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রায় চার মাস আগে নিশ্চিন্দার বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অবশেষে সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে বিহারের বেগুসরাই থেকে গ্রেপ্তার করে শুক্রবার ট্রানজিট রিমান্ডে হাওড়ায় আনা হয়েছে। বর্তমানে তাকে নিজেদের হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা। পুলিশের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত বিভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিল। দীর্ঘ তল্লাশির পর অবশেষে তাকে পাকড়াও করা সম্ভব হয়েছে।
গত বছর ২৭ নভেম্বর বালির সাঁপুইপাড়া মালিবাগান এলাকায় প্রকাশ্য রাস্তায় এই গুলি চালনার ঘটনা ঘটে। সেদিন একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাবু মণ্ডল বাইকের পিছনে বসে ছিলেন। সঙ্গী অনুপম রানা বাইক চালাচ্ছিলেন। অভিযোগ, রাস্তার ধারে আগে থেকেই ওত পেতে দাঁড়িয়ে ছিল বাসু। আচমকা বাইক থামিয়ে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় সে। গুলিতে গুরুতর জখম হন পঞ্চায়েত প্রধান এবং অনুপম রানা। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। তদন্তে উঠে এসেছে, মাছ ও অন্যান্য ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে অভিযুক্তের সঙ্গে প্রধানের বিরোধ তৈরি হয়েছিল। সেই শত্রুতার জেরে হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান।