প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সবচেয়ে বেশি ভোটার মুর্শিদাবাদে
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি কলকাতা: এসআইআর অ্যাপিলেট ট্রাইবুনালে যোগ্য হিসাবে প্রমাণিত ভোটারদের ভবিষ্যৎ নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার। কিন্তু তার আগেই প্রথম দফার ভোটার তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে মোট ১৫২টি আসনে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই পর্বে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ লক্ষ ১৭১ জন।
নিয়ম অনুযায়ী, ৬ এপ্রিল এই দফার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছিল। তার প্রায় পাঁচদিন পর, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে আনল নির্বাচন কমিশন। এসআইআর পর্বে সবচেয়ে বেশি ভোটার বাদ গিয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। তা সত্ত্বেও প্রথম দফায় যে ১৬টি জেলায় নির্বাচন হতে চলেছে, তার মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন মুর্শিদাবাদেই। এই জেলায় ভোটার সংখ্যা ৫০ লক্ষ ২৬ হাজার ২১৩ জন। ভোটারের নিরিখে দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর। এই জেলায় মোট ৪১ লক্ষ ৬০ হাজার ১৫৪ জন ভোটার রয়েছেন। তারপরই পশ্চিম মেদিনীপুরে ৩৭ লক্ষ ৭০ হাজার ৭৯৪ জন। প্রথম দফায় সবচেয়ে কম ২ লক্ষ ১ হাজার ৬১৯ জন ভোটার রয়েছেন কালিম্পং জেলায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, দার্জিলিংয়ে এবার পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি। এই জেলায় মোট ভোটার রয়েছেন ১১ লক্ষ ১০ হাজার ৪২৫ জন। তার মধ্যে পুরুষ ৫ লক্ষ ৫২ হাজার ৬৪ জন, আর মহিলা ভোটার রয়েছেন ৫ লক্ষ ৫৮ হাজার ৩৩৫। সবমিলিয়ে প্রথম দফায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। আর মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন।
এদিকে, নির্বাচনের চূড়ান্ত এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এসআইআর পর্বে রাজ্যে ৭টি জেলার বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছিল। তার মধ্যে ছিল দুই বর্ধমান ও হুগলি। হাতে মাত্র আর ক’টা দিন, তারপরই রাজ্যে প্রথম দফার নির্বাচন। কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। সঙ্গে থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিক অভিনব আগরওয়াল এবং এস বি যোশি। সোমবার দিল্লি থেকে অণ্ডাল এবং তারপর সড়কপথে প্রথমেই পশ্চিম বর্ধমানে ঢুকবেন তাঁরা। থাকবেন পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার পূর্ব বর্ধমান ও হুগলি জেলা শেষ করে বুধবার সকালের জরুরি বৈঠক করবেন সিইওর দপ্তরে। বুধবার রাতেই এই তিন উচ্চপদস্থ কর্মকর্তা ফিরে যাবেন দিল্লি।