• চণ্ডীতলা থেকে চুঁচুড়া, শনিবারের ভোট প্রচারে মিশল বাংলা নববর্ষ
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাংলার নতুন বছর আসন্ন। তার প্রাক্কালে শেষ শনিবারের ভোটপ্রচারে মিলেমিশে গেল ভোটের আবেদন আর শুভেচ্ছা বিনিময়। মূলত তৃণমূল প্রার্থীদের প্রচারে নববর্ষের আগাম শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে। সেই কাজে অবশ্য প্রার্থীদের পাশাপাশি উৎসাহ নিতে দেখা গিয়েছে নাগরিকদেরও। বলাগড় থেকে উত্তরপাড়া, চণ্ডীতলা থেকে চুঁচুড়া, সর্বত্র শনিবারের রঙিন প্রচার চোখে পড়েছে। কোথাও মিছিল, কোথাও শোভাযাত্রা, কোথাও বা নিখাদ বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেছেন হুগলির বিভিন্ন দলের প্রার্থীরা। শনিবার অনেক জায়গাতেই ছিল শীতলা পুজো। সেখানেও প্রার্থীদের দেখা গিয়েছে। পুজো-নববর্ষকে জড়িয়ে ভোট প্রচারের এক ভিন্ন আঙ্গিক দেখা গিয়েছে হুগলিতে।

    পাণ্ডুয়ার তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী শনিবার বেলুন-ধামাসিনে প্রচারে গিয়েছিলেন। সেখানে ছিল নতুন বাংলা বছরের শুভেচ্ছা বিনিময় পর্ব। বাংলা ও বাঙালির সম্মানের প্রশ্ন তুলে এবারের নির্বাচনে লড়ছে তৃণমূল। ক’দিন আগেই সেই প্রশ্ন তুলে ধরে বলাগড়-পাণ্ডুয়া এবং শ্রীরামপুরের সভা থেকে নতুন বাংলা বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে গিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাতেই এদিনের প্রচারে ঘুরে ফিরে এসেছে শুভেচ্ছা বিনিময় পর্ব। যার রেশ দেখা গিয়েছে বলাগড়েও। বাংলা নববর্ষের আগে বাজারে ভিড় করছেন গ্রামের ও শহরের মানুষ। প্রচারে দেখা হয়েছে প্রার্থীদের সঙ্গেও। নতুন পোশাকের সঙ্গে মিশে যাচ্ছে শুভেচ্ছা বিনিময়ের ভিন্ন স্বাদও। বলাগড়ে তৃণমূল প্রার্থী রঞ্জন ধাড়া এদিন দিনভর যেখানেই প্রচারে গিয়েছেন, শুভেচ্ছা যেমন পেয়েছেন তেমনই বিলিয়েছেন। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ শনিবার রিষড়ার একাধিক এলাকায় প্রচার করেছেন। শুভেচ্ছা বিনিময় করে প্রচার সেরেছেন সিঙ্গুরের তৃণমূল প্রার্থী বেচারাম মান্নাও।

    শুভেচ্ছার পর্ব ছিল বামপ্রার্থী অনির্বাণ সরকারের প্রচারেও। এদিন তিনি বাঁশবেড়িয়ার বিভিন্ন এলাকায় প্রচার করেন। সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এদিন প্রচার করেছেন উত্তরপাড়া ও কোন্নগরে। চন্দননগরে মণীশ পান্ডা, বলাগড়ে প্রচার সেরেছেন বামপ্রার্থী বিকাশ গোলদার। বিজেপির চুঁচুড়ার প্রার্থী সুবীর নাগ শহর ও গ্রামীণ এলাকা ঘুরে প্রচার করেছেন। চন্দননগরে প্রচারে ছিলেন বিজেপির রাজ্যনেতা দীপাঞ্জন গুহ। সপ্তগ্রামে স্বরাজ ঘোষ, বলাগড়ে সুমনা সরকার, চণ্ডীতলায় দেবাশিস মুখোপাধ্যায়দের প্রচারও ছিল রঙিন।

    বাঙালির আরও এক উৎসব আসন্ন। তাতেই সরগরম হয়ে আছে হুগলির জনপদ। তারই মধ্যে প্রচার ও প্রচারকে ঘিরে নববর্ষ উৎসবের আবেগ নতুন মাত্রা নিয়ে হাজির হয় শনিবার। 
  • Link to this news (বর্তমান)