• গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ, প্রচারে ঝাঁঝ বাড়াল সব পক্ষ
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হেঁশেলে এলপিজির অপ্রতুলতা নিয়ে সমস্যা কমছে না। এই নিয়ে শুক্রবার রাতে অভিনব প্রতিবাদে শামিল হয় তৃণমূল। পাশাপাশি শনিবার সকাল থেকেই শাসক-বিরোধী, দুই পক্ষই নির্বাচনী প্রচারে ঝাঁজ বাড়ায়।

    শুক্রবার রাতে শিবপুর বিধানসভা কেন্দ্রের ৪৭ নম্বর ওয়ার্ডের জগাছায় গ্যাসের অপ্রতুলতা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচি দেখা যায়। রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করে ক্ষোভ জানান স্থানীয় মহিলারা। রান্নার গ্যাসের এই পরিস্থিতির জন্য কেন্দ্রের শাসকদল বিজেপিকেই কাঠগড়ায় তোলেন তাঁরা। প্রতিবাদের মাঝেই সেখানে পৌঁছন শিবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠেন মহিলারা। গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান প্রার্থী। অন্যদিকে শনিবার সকালে একই কেন্দ্রে ৪৩ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ তুলতে দেখা যায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে।

    এদিন উত্তর হাওড়ায় তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী ২, ৩ ও ১৩ নম্বর ওয়ার্ডে জোরদার প্রচার চালান। পাল্টা বিজেপি প্রার্থী উমেশ রাই নিকাশির সমস্যাকে ইস্যু করে ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডে জনসংযোগ করেন। মধ্য হাওড়ার পঞ্চাননতলা রোডে বর্ণাঢ্য মিছিল করেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। দক্ষিণ হাওড়ার পাঁচপাড়ায় তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর সভায় উপচে পড়া ভিড় চোখে পড়ে। সেখানে পাল্টা প্রচারে সক্রিয় ছিলেন বিজেপি প্রার্থী শ্যামল হাতি। এছাড়া বালিতে কর্মিসভায় যোগ দেন তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র। ডোমজুড় ও জগৎবল্লভপুরেও তৃণমূলের দুই প্রার্থী তাপস মাইতি ও সুবীর চট্টোপাধ্যায় দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন।
  • Link to this news (বর্তমান)