স্ত্রী, শাশুড়ি ও তাঁর প্রেমিককে কোপানোর অভিযোগে ধৃত যুবক
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শাশুড়ি, তাঁর প্রেমিক ও স্ত্রীকে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে বিষ্ণুপুর থানার আমতলা সুপার মার্কেটের দোতলায় ঘটেছে ঘটনাটি। আহত স্ত্রী বৈশাখী ঘোষ, শাশুড়ি লিপিকা প্রধান ও তাঁর প্রেমিক পেশায় আইনজীবী উদয়শঙ্কর অধিকারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী যুবক হারুলাল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, সাংসারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, হারুলালের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন স্ত্রী বৈশাখী। তাতে যোগ দিতেন লিপিকাদেবীও। এই নিয়ে অশান্তি লেগে ছিল। শুক্রবার রাতে আইনজীবী উদয়শঙ্করবাবুর অফিসে বিবাদ মেটানোর আসর বসেছিল। সেখানেই আচমকা একটি ছুরি নিয়ে হামলা করেন হারুলাল। তাঁর এলোপাতাড়ি কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনজনই। তাঁদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। এদিকে হামলার পর পালিয়ে যান হারুলাল। তাতে কোনো লাভ হয়নি। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।