• ফরওয়ার্ড ব্লকের দেওয়াল লিখনের উপর সিপিএমের পোস্টার, শোরগোল মধ্যমগ্রামে
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটে দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক তরজায় উঠে আসে শাসক ও প্রধান বিরোধীদের নাম। কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটে মধ্যমগ্রাম বিধানসভায় উঠে এল ভিন্ন ছবি। ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে আইএসএফের পোস্টার সাঁটানোর ঘটনায় শুরু হয়েছে তরজা। আর পোস্টারের নীচে লেখা আছে সিপিএমের নাম। ঘটনাকে কেন্দ্র করে মধ্যমগ্রামে জোটসঙ্গীর ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএমের লড়াই সামনে এল।

    জানা গিয়েছে, প্রার্থী নির্বাচন নিয়ে জোট শরীক আইএসএফের সঙ্গে বামেদের মধ্যে ‘অসন্তোষ’ প্রকাশ্যে এসেছিল মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম কেন্দ্রে আইএসএফ প্রার্থী ঘোষণার পর জোট শরিক সিপিএমের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে। মধ্যমগ্রামে আইএসএফ প্রার্থী প্রিয়াঙ্কা বর্মনের নাম ঘোষণার পর প্রতিবাদে সোচ্চার হয় জেলা ফরওয়ার্ড ব্লক। মধ্যমগ্রামে ফরওয়ার্ড ব্লকও আলাদা প্রার্থী করেছে নিতাই পালকে। তাঁর সমর্থনে দেওয়াল লেখা থেকে প্রচার হচ্ছে। সিংহ-পার্টির দাবি, মধ্যমগ্রাম কেন্দ্রে বরাবর প্রার্থী দেয় ফরওয়ার্ড ব্লক। জোটের বৈঠকেও একই দাবি জানানো হয়েছিল। কিন্তু আইএসএফ একতরফা মধ্যমগ্রামে প্রার্থী দিয়েছে। মধ্যমগ্রামের সিপিএম নেতারা আইএসএফের সিদ্ধান্তকে সমর্থন করে। মধ্যমগ্রাম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় একটি দেওয়াল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নিতাই পালের সমর্থনে লেখা হয়েছিল। সেই দেওয়াল লেখার মধ্যে আইএসএফ প্রার্থীর সমর্থনে সিপিএম পোস্টার সাঁটে। নীচে লেখা সিপিএমের নাম। ফলে, এর জন্য সিপিএম নেতা কর্মীদেরই কাঠগড়ায় তুলেছে ফরওয়ার্ড ব্লক। মধ্যমগ্রাম পুরসভার পাশপাশি নীলগঞ্জ পঞ্চায়েত এলাকাতেও সিংহ চিহ্নের প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিতাই পাল বলেন, আমাদের প্রার্থীকে মানুষ যেভাবে সমর্থন করছে তাতে ভয় পেয়েই সিপিএম এটা করেছে। পালটা সিপিএম নেতা অলোক সাহা বলেন, এই দেওয়ালটা আমাদের ছিল। ফরওয়ার্ড ব্লক আমাদের দেওয়াল দখল করে নাম লিখেছে। 

    পালটা সিপিএমের কর্মীরা এটা করেছে। 
  • Link to this news (বর্তমান)