ভোটের দু’সপ্তাহ আগে রাজ্যের ১২ আইপিএস বদল কমিশনের, তালিকায় লালবাজারের দুই গুরুত্বপূর্ণ আধিকারিকও
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের আর দু’সপ্তাহের অপেক্ষা। তার আগে রাজ্যের পুলিশে ফের রদবদল। কলকাতা পুলিশে দুই গুরুত্বপূর্ণ পদ সহ রাজ্যজুড়ে ১২ জন আইপিএস অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। শনিবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতার যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদকে ও যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমারকে সরিয়ে দিয়েছে কমিশন। সেই পদে নিযুক্ত করা হয়েছে যথাক্রমে আইপিএস সুদীপ সরকার ও আইপিএস সোমা দাম মিত্রকে। সুদীপ সরকার কলকাতা পুলিশের সাউথ ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ডিআইজি (পার্সোনেল)। অন্যদিকে, সিআইডিতে ডিআইজি পদে কর্মরত ছিলেন আইপিএস সোমা দাম মিত্র। প্রসঙ্গত, দীর্ঘদিন কলকাতার যুগ্ম কমিশনার (অপরাধ) পদটি ফাঁকা ছিল। ভারপ্রাপ্ত গোয়েন্দাপ্রধান হিসাবে প্রায় বছর দেড়েক এই পদ সামলেছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। এবার লালবাজারের গোয়েন্দাপ্রধান হিসাবে নিযুক্ত হবেন সোমা।
পাশাপাশি, কলকাতা পুলিশের আরও এক যুগ্ম কমিশনার ও ৫ ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার বদলির নির্দেশ দিয়েছে কমিশন। যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে নিযুক্ত করা হয়েছে রাজ্য এসটিএফের ডিআইজি পদে থাকা আইপিএস দেবস্মিতা দাসকে। এই পদে ছিলেন সৌম্য সরকার। প্রসঙ্গত, তিনি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্র-র স্বামী। অন্যদিকে, ডিসি (উত্তর), ডিসি (দক্ষিণ), ডিসি (দক্ষিণ-পূর্ব), ডিসি (পূর্ব) ও ডিসি (ভাঙড়) পদেও রদবল করা হয়েছে।
কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ পুলিশ পদেও রদবদল করা হয়েছে। বেলডাঙার এসডিপিও পদে আনা হয়েছে আনন্দজিৎ হোড়কে। চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) পদে এলেন আইপিএস ইন্দ্রজিৎ সরকার। শিলিগুড়ির ডেপুটি কমিশনার (ইস্ট ডিভিশন) পদে আনা হয়েছে রানা মুখোপাধ্যায়কে। আইপিএস চন্দন ঘোষকে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের (সদর) দায়িত্ব দেওয়া হয়েছে।
লালবাজার ও রাজ্যের পুলিশকর্তাদের পাশাপাশি কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ও ১৬ জন ইনস্পেক্টরকে বদলির নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। সলিলকুমার রায়কে অ্যান্টি রাউডি স্কোয়াড বা গুন্ডাদমন শাখার অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদে নিয়ে আসা হয়েছে। বদলে দেওয়া হয়েছে আলিপুর, কসবা, ভবানীপুর, উল্টোডাঙা ও ফুলবাগান থানার অফিসার ইন-চার্জকেও।