সন্দেশখালিতে অগ্নিদগ্ধ মা ও সাড়ে তিন মাসের মেয়ে, ট্রাঙ্ক থেকে উদ্ধার দেহ
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : ফের খবরে শিরোনামে সন্দেশখালি। রবিবাসরীয় সকালে হাড়হিম করা মর্মান্তিক ঘটনা চমকে দিয়েছে গোটা এলাকাকে। মা ও তিন মাসের কন্যা সন্তানের পোড়া ও অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সন্দেশখালি মনিপুর গ্রামের বছর ৩৫ এর সুনীতা মাইতি দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় ভুগছিলেন। তার সাড়ে তিন মাসের কন্যা সন্তানেরও থ্যালাসেমিয়া ধরা পড়ে। পরিবারের দাবি এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন সুনীতা। তার স্বামী বিপ্লব মাইতির দাবি, গতকাল রাত বারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে চারটে নাগাদ ঘুম ভাঙলে দেখেন বিছানায় নেই মা ও মেয়ে। স্ত্রী ও সন্তানকে কাছে না দেখে খোঁজ শুরু করেন। এরপর দোতলার ঘরে গিয়ে দেখেন একটি ট্রাঙ্কে দগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন সুনীতা ও তাদের ছোট্ট মেয়ে। খবর দেওয়া হয় পুলিশে।
সুনীতা ও তার কন্যা সন্তানকে খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সুনীতার আত্মীয়দের দাবি বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে তার স্বামী বিপ্লব মাইতিকে। এই ঘটনার পর থেকেই পলাতক সুনীতার শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ খতিয়ে দেখছে, সুনীতার এই মৃত্যু খুন না আত্মহত্যা।