• নাকা তল্লাশির সময়ে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ সোনার গয়না
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৬
  • গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ সোনার গয়না। ওই গয়নার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি গাড়িতে থাকা যুবক। হুগলির (Hoogly) গুপ্তিপাড়ায় নাকা তল্লাশি চালানোর সময়ে ওই গয়না আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া গয়নার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। কী কারণে ওই গয়না নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা।

    জেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে খবর,রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নাকা তল্লাশি (Naka Checking) চালানো হচ্ছিল গুপ্তিপাড়া বাধাগাছি এলাকায়। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সেখানকার মিরডাঙার কাছে এসটিকেকে রোডে নাকা তল্লাশি চালানোর সময়ে একটি গাড়ি আটক করা হয়। গাড়িতে চালক ছাড়াও ছিলেন এক যুবক। ওই যুবকের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বাক্সে সোনার গহনা পাওয়া যায়। সোনার নেকলেস, পেনডেন্ট ইত্যাদি ছিল তাতে।

    পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, ব্যাঙ্গালুরু (Bengaluru) থেকে এসেছেন তিনি। তাঁর বাড়িতেই ওই গয়না রাখা রাখা ছিল। একই সঙ্গে তাঁর দাবি, বাড়িতে রাখা গয়না বারুইপুর থেকে নিয়ে নবদ্বীপ নিয়ে যাচ্ছিলেন তিনি। যদিও গহনার কোনও ক্যাশমেমো বা কাগজ দেখাতে পারেননি ওই যুবক।

    নাকা তল্লাশির দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট দীপ্তেশ চৌধুরী জানান, ভোটের আগে নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশ মেনে রাস্তায় সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বেআইনি টাকা ,অস্ত্র, সোনা ইত্যাদি নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা দেখা হচ্ছে।

    তিনি জানান, রবিবার তল্লাশি চালানোর সময়ে একটি গাড়ি থেকে সোনার গয়না আটক করা হয়েছে। পুলিশ আধিকারিকরা স্থানীয় জুয়েলারী দোকান থেকে ওজন করার যন্ত্র নিয়ে এসে মাপেন। দেখা যায় প্রায় ৭০ গ্রাম গয়না আছে। সঠিক কোনও কাগজ দেখাতে না পারায় সোনার (Gold) গহনা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

    পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, যে ডিজাইনের গয়না পাওয়া গিয়েছে তা এই রাজ্যে দেখা যায় না। কী কারণে ওই যুবক এত গয়না নিয়ে যাচ্ছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)