একটু বৃষ্টি হলেই জল জমে যায়। অভিযোগ এমনই। তার উপরে রয়েছে বড় বড় গর্ত। বেকায়দায় পড়লেই দুর্ঘটনা বাঁধা। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আগরপাড়ার তারাপুকুর রোডের এমন বেহাল দশা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রবিবার স্থানীয় বাসিন্দারা বলে দিলেন, ‘প্রশাসনকে অনেক বার জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি।’ রাস্তা তৈরির পর থেকে গত দশ বছরে এক ফোঁটা কাজ হয়নি বলেও অভিযোগ তাঁদের।
৫ নম্বর রেলগেট এলাকা থেকে পিচের রাস্তা চলে গিয়েছে বিটি রোড পর্যন্ত। এটাই তারাপুকুর রোড। ভোটের মুখে গত বৃহস্পতিবার পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে উশমপুর বটতলায় জনসভা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, তখনই এই বেহাল রাস্তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি। তার পরেই রাস্তার বর্তমান অবস্থা চাক্ষুষ করতে পৌঁছে গিয়েছিল এই সময় অনলাইন।
একটু বৃষ্টি হলেই রাস্তায় এক হাঁটু জল জমে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পানিহাটির ২৪ নম্বর ওয়ার্ডের উশমপুর বটতলায় দেখা গেল, জমা জল ভেঙেই চলছে যাতায়াত। স্থানীয় বাসিন্দা হেমন্ত বিশ্বাস বললেন, ‘রাস্তা সারানোর দাবিতে গণস্বাক্ষর করে স্থানীয় প্রশাসনকে দিয়েছিলাম। এলাকার মানুষ পথ অবরোধও করেছিলেন। কিন্তু তার পরেও কাজ হয়নি।’
সামনেই স্কুল। ছোট ছোট ছেলেমেয়েরা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় রোগীদের। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে। কিন্তু অভিযোগ, তার পরেও টনক নড়েনি প্রশাসনের। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ বাম নেতা রবীন দেব বললেন, ‘আগে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা প্রয়োজন। না হলে রাস্তা মেরামত করেও কিছু হবে না।’
তবে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশের পরেই কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই রাস্তা তৈরি হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তবে উশমপুর বটতলার বাসিন্দারা খুব একটা আশার আলো দেখছেন না। তাঁদের কথায়, ‘গত ১০ বছরে কোনও কাজ হয়নি। রাস্তা দেখলেই বোঝা যায়, এই কথা কতটা সত্যি।’