• ভাতা না-পেয়ে দিদির কাছে নালিশ মালতীর
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৬
  • এই সময়: নির্বাচনী প্রচারে এক দিকে উন্নয়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি সরাসরি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভা শেষে আদিবাসী নৃত্যশিল্পী মালতি মুর্মুর ভাতা না-পাওয়ার অভিযোগ শোনা থেকে শুরু করে আসানসোলে শিল্পায়নের বড় ঘোষণা এবং বাঁকুড়ায় বিজেপিকে তীব্র আক্রমণ- সব মিলিয়ে বহুমাত্রিক বার্তা দিলেন মমতা বন্দোপাধ্যায়।

    এ দিন বর্ধমানের সভা শেষে আদিবাসী নৃত্যে অংশ নেওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সরাসরি অভিযোগ জানান খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলের কাঁটাপুকুরের বাসিন্দা মালতি মুর্মু। তাঁর দাবি, প্রায় ৫০ জনের সাংস্কৃতিক দলের জন্য এক বছর আগে সব কাগজ জমা দিলেও এখনও কোনও ভাতা মেলেনি। পাশাপাশি 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পেও তিনি-সহ বহু আবেদনকারী টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেন মালতী। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি বললেন, 'দিদি আমার গায়ে হাত দিয়ে বললেন, ভোটের পরে সবটা করে দেবে। ওনার পাশে যে পুলিশ ছিল, তাঁকে আমার নাম আর নম্বর নিয়ে নিতে বললেন।' টোটোয় চেপে বাড়ি ফেরার পথে মালতি আরও বললেন, 'আশা করছি, এ বার আমরা ভাতা পাব। দিদির সঙ্গে নাচ করলাম, এটাও বড় পাওনা।'

    এ দিন আসানসোল দক্ষিণ ও উত্তর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে আসানসোল গোপালনগরে নির্বাচনী সভায় যোগ দেন তৃণমূল সুপ্রিমো। সভায় শিল্পাঞ্চলের উন্নয়নকে সামনে রেখে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এলাকায় আন্তর্জাতিক মানের লজিস্টিক হাব গড়ে তোলা হবে। সেল গ্যাস কারখানা তৈরির কথাও বলেন। জানালেন, এখানকার একটি কটন মিলের জমিতে শিল্প ক্লাস্টার তৈরি হবে। শিল্প করিডোর হবে ১৬০০ কিলোমিটার এলাকা জুড়ে। আসানসোল উত্তরের প্রার্থী মলয় ঘটকের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'এখানকার বেকাররা যেন এ সব সংস্থায় কাজ পায়, সেটা তুমি ভালো করে দেখবে।' এ দিনও ফের মুখ্যমন্ত্রী রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের কাছে আবেদন জানান, রাজ্য সরকার যে বাড়ি বানিয়েছে সেখানে যেন তাঁরা চলে যান।

    মুখ্যমন্ত্রীর একাধিক ঘোষণায় সভাস্থলে উপস্থিত বেকার যুবক থেকে উদ্যোগপতিদের একাংশ আশাবাদী হয়ে ওঠেন। অনেকের মতে, প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আসানসোল শিল্পাঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। গত বছর কলেজ পাশ করেছেন ধাদকার বাসিন্দা প্রবীর পট্টনায়েক। তাঁর কথায়, 'যুবসাথী প্রকল্পের টাকা পাই। তবে আসানসোলে কর্মসংস্থান সৃষ্টি করার যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন, তাতে স্বস্তি পেয়েছি।' বছর দুই আগে কলেজ পাশ করার পরে বাবার ছোট মুদি দোকান চালান রাহা লেন এলাকার বাসিন্দা বিকাশ দুবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসে তিনিও আশাবাদী। ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শচীন রায় বলেন, 'আসানসোল নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনাকে সাধুবাদ দিচ্ছি।'

    এ দিন বাঁকুড়ার ওন্দা ও ছাতনায় দু'টি নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। 'সার' সমেত নানা ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেন তিনি। নরেন্দ্র মোদী ও অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূলের পক্ষেই ভোট দেওয়ার আহ্বান জানান। প্রার্থীদের প্রতি নেত্রীর বার্তা, 'ইভিএম চেক করতে হবে। কোনও জায়গায় ইভিএম খারাপ হলে নতুন মেশিন আনতে হবে।' সতর্ক করে আরও বলেন, 'জিতে একদম শেষপর্যন্ত থেকে সার্টিফিকেট না-নিয়ে কেউ বেরোবেন না। রাত দুটো, তিনটে যাই বাজুক। ওরা লো কাউন্টিং লো প্রসেসিং করবে।'

  • Link to this news (এই সময়)