চৈত্রের শেষে কাঠফাটা রোদে পুড়ছে দক্ষিণবঙ্গ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিকর গরম এবং তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও গরম বাড়ার সম্ভাবনা প্রবল। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। এ ছাড়াও, শুক্রবার থেকে হিটওয়েভ বা লু বইতে পারে রাজ্যের একাধিক জেলায়। আপাতত বৃষ্টির কোনও খবর নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে রাজ্যবাসীকে নববর্ষ কাটাতে হবে ঘেমেনেয়ে নাজেহাল হয়েই।
সোমবার সকাল থেকেই শহরের আকাশে চড়া রোদ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে আগামী কয়েকদিন। দিনের বেলাতেও রোদের জ্বালা থেকে রেহাই মিলবে না। বিশেষ করে দুপুর থেকে বাড়বে অস্বস্তি। এই পরিস্থিতিতে পথচলতি মানুষকে সঙ্গে ছাতা এবং জলের বোতল রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।
আগামী সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। যদিও ১৪ ও ১৫ এপ্রিল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। তবে তাতে গরম কমবে না। উল্টে আরও বাড়বে অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। তবে সোমবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির তীব্রতা। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। আপাতত সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।