• Breaking News Live: কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে লরির ধাক্কা, আহত ৪
    এই সময় | ১৩ এপ্রিল ২০২৬
  • বীরভূমে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। একটি লরির সঙ্গে গাড়িটির ধাক্কায় কেন্দ্রীয় বাহিনীর তিনজন ও চালক সহ আহত চারজন। সোমবার ভোরবেলা দুর্ঘটনাটি ঘটে ১৯নং জাতীয় সড়কের গুরাপ থানা এলাকায়। আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠায় পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল।

    গ্রেটার নয়ডার ফেজ-২ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে কর্মী বিক্ষোভ ক্রমেই হিংসাত্মক রূপ নেয়। সোমবার আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ও অন্যান্য সম্পত্তিতে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আন্দোলনকারীরা একটি পুলিশ গাড়ি উল্টে দেয় এবং তাতে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয় বলে অভিযোগ, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

    দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ মণ্ডল (৩৭)। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ’রাউন্ড গুলি।

    নাইজ়েরিয়া সেনাবাহিনীর এয়ার স্ট্রাইকে নিহত সেখানকার অন্তত ১০০ নাগরিক। জখম অনেকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বোরনো ও ইয়োবে প্রদেশের সীমানায় জিল্লি গ্রামের বাজারে এয়ার স্ট্রাইক হয়। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, 'বোকা হারাম' গোষ্ঠীর জিহাদিরা ওই বাজারে রয়েছে খবর পেয়ে নাইজ়েরিয়া সেনার বিমান সেখানে হামলা করে। ররিবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক পোস্টে দাবি করেছে, হামলায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের বেশিরভাগই নিরীহ মানুষ ও স্থানীয় ব্যবসায়ী। যদিও নাইজেরিয়ার সেনাবাহিনীর দাবি, হামলায় 'বোকা হারাম' গোষ্ঠীর জিহাদিদেরই মৃত্যু হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের ডেরা।

    উত্তরপ্রদেশের হাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬। আহত বেশ কয়েকজন। দুর্ঘটনাটি ঘটেছে ধৌলনা-গুলাওয়াটি সড়কে।

    চৈত্রের কাঠফাটা গরমে কার্যত পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। গত বৃহস্পতিবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, যা একলাফে বেড়ে গতকাল হয়েছে ৩৫ ডিগ্রি। আজ তা আরও বেড়ে ৩৬ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা।

  • Link to this news (এই সময়)