শহর কলকাতা-সহ জেলায় জেলায় এখন চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। সকাল ৯টার পর থেকেই তেড়েফুড়ে উঠছে রোদ। তবে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। ফলে পয়লা বৈশাখে হাঁসফাঁস করতে হবে আমজনতাকে। তার আগে আজ আবহাওয়া কেমন থাকবে, দেখে নেওয়া যাক।
কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ মূলত পরিষ্কার থাকলেও দুপুরের পরের দিকে আংশিক মেঘলা হতে পারে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। রবিবার রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।
বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ পর্যন্ত থাকতে পারে। ফলে দিনের বেলায় গরমের পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হবে। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাতের রেকর্ড নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর আগাম পূর্বাভাস এখনই বলা সম্ভব হয় না।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিম ও মধ্য ভারত থেকে শুকনো ও গরম বাতাস প্রবেশ করছে, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাকে উত্তর পূর্বে সরিয়ে দিচ্ছে। আগামী বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনা কম বা নেই। দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার সপ্তাহের মাঝে হলেও হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।