আজই রাজ্যে জ্ঞানেশ ভারতী, ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ৩ দিনের সফরে কমিশনের টিম
প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৬
আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। হাতে বাকি আর মাত্র ১০ দিন। এর মধ্যেই ৩ দিনের বঙ্গসফরে রাজ্য আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী-সহ কমিশনের আধিকারিকরা। তাঁর সঙ্গে আরও দুই সিনিয়র কমিশনার থাকবেন বলে সূত্রের খবর। ঘরে বসে নয়, সরাসরি মাঠে নেমে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা।
উল্লেখ্য রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় টহল দিচ্ছেন বাংলার নির্বাচনী কমিশনার মনোজকুমার আগরওয়াল। প্রশাসনিক স্তরে বৈঠক করছেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আশ্বাসবাণী দিতেও দেখা যাচ্ছে তাঁকে। এই আবহে ভোটের খুঁটিনাটি প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে পা রাখছেন ডেপুটি নির্বাচন কমিশনারও।
জানা গেছে,৩ দিনের সফরের প্রথমদিনেই অর্থাৎ সোমবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতার চূড়ান্ত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের প্রতিনিধি দল। সোমবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে আলিপুরদুয়ারে যাবেন তাঁরা। বিকেলে ভোটারদের সচেতনতা বাড়াতে কী কী কর্মসূচি নেওয়া যেতে পারে, তা নিয়ে বৈঠকে বসার কথা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আসছে কমিশনের আরও একটি দল। সেই দল ১৪ এপ্রিল আলিপুরদুয়ার থেকে কোচবিহারে যাবে। জেলা প্রশাসনের বৈঠক করার কথা তাঁদের। ১৫ এপ্রিল জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কর্মসূচি রয়েছে কমিশনের প্রতিনিধি দলের। ১৬ এপ্রিল কালিম্পং থেকে ভোটার সচেতনতা কর্মসূচি নিয়ে বৈঠক করবেন তারা। ১৭ এপ্রিল দার্জিলিং থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে সূত্রের খবর।
ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের প্রশাসনিক স্তরে রদবদল জারি রেখেছে নির্বাচন কমিশন। একের পর এক সিদ্ধান্ত ঘিরে বিতর্ক কম হয়নি। সেই সঙ্গে ভোটের মুখে বাংলার মানুষের ‘গলার কাঁটা’ এসআইআর। আজ এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেদিকেই চোখ রয়েছে গোটা রাজ্যের। শীর্ষ আদালতের রায়ের উপরই ঝুলে রয়েছে বিবেচনাধীন ভোটারদের ভাগ্য।