• ফালাকাটার বিজেপি প্রার্থীই প্রিসাইডিং অফিসার! কমিশনের সিদ্ধান্তে ‘বিরক্ত’ দীপক
    প্রতিদিন | ১৩ এপ্রিল ২০২৬
  • বিজেপি প্রার্থীকে করে দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার। পোলিং অফিসারদের ট্রেনিংয়েও তাঁকে বারবার ডাকা হচ্ছে। সেই ট্রেনিংয়ে না যাওয়ার জন্য আবার কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনকে। এমনকি ট্রেনিংয়ে না যাওয়ার পরেও ভোটের দিন সেই প্রার্থীকে প্রিসাইডিং অফিসার করে অন্যান্য পোলিং অফিসারদের নিয়ে ভোট নেওয়ার দলও গঠন করা হয়ে গিয়েছে। বারবার বলার পরেও নির্বাচন কমিশন প্রার্থীকে নির্বাচনের ডিউটি থেকে রেহাই দিচ্ছে না।

    এই ঘটনায় কার্যত ক্ষুব্ধ ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। তিনি বলেন, “আমাকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন । বার বার বলার পরেও আমাকে ডিউটি থেকে রেহাই দেওয়া হচ্ছে না। বারবার ট্রেনিংয়ের মেসেজ আসছে। সেই ট্রেনিংয়ে যোগ না দেওয়ায় আমাকে শোকজ করা হয়েছে। বিষয়টা কী হচ্ছে আমি বুঝতে পারছি না।” উল্লেখ্য, ফালাকাটার দেওগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক পদে চাকরি করেন ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মন। সেই সুবাদে তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। এমনকি বিজেপি প্রার্থীকে ভোট নেওয়ার যে দলে রাখা হয়েছে সেই দলের নম্বর ২০২।

    প্রিসাইডিং অফিসার হিসেবে দীপক বর্মনের সঙ্গে ওই দলে ফার্স্ট পোলিং অফিসার হিসেবে চুয়াপাড়া টি জি হিন্দি হাইস্কুলের শিক্ষক সুখী রাম রবিদাস্কে রাখা হয়েছে। সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার হিসেবে রয়েছেন শিক্ষক উমেশ চন্দ্র বর্মন ও ঘরঘরিয়া জুনিয়র হাইস্কুলের গ্রুপ ডি কর্মী শুভাশিস অধিকারীকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা নির্বাচন দপ্তরের একাধিক আধিকারিককে ফোন করা হয়। কাউকেই ফোনে পাওয়া যায়নি। তবে জেলা নির্বাচন দপ্তরের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন প্রার্থীর নির্বাচন ডিউটি বাতিল করা হবে নিশ্চিত। কিন্তু কোনও কারণবশত হয়তো এখনও সেই ডিউটি বাতিল হয়নি। তবে ওঁকে নির্বাচনের ডিউটি থেকে নিশ্চিত অব্যাহতি দেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)