নির্বাচনের ঠিক মুখে বুথের নেতা-কর্মীদের চাঙ্গা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের সরাসরি কথোপকথনের জন্য ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচি নিল বঙ্গ বিজেপি। বাংলায় দলের বুথের সংগঠন কতটা মজবুত তা এবার কর্মীদের সঙ্গে মতবিনিময় করেই বুঝে নেবেন প্রধানমন্ত্রী। আর নিচুতলার কর্মীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে বুথের সাংগঠনিক শক্তি, সাফল্যের গল্প শেয়ার করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এই ইভেন্টের মাধ্যমে কর্মীরা বুথ, মণ্ডল ও জেলা স্তরের সংগঠনকে শক্তিশালী করার জন্য উৎসাহিত যাতে হন সেদিকেই নজর দেওয়া হচ্ছে দলের তরফে। তৃণমূল স্তরের কর্মীদের চাঙ্গা করে। প্রতিটি বুথে দলের ভিত্তি শক্তিশালী করাই লক্ষ্য এই কর্মসূচির।
মোদি সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বুথস্তরের কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন, উন্নয়ন বার্তা পৌঁছে দেবেন এবং আসন্ন নির্বাচনের জন্য কৌশল নির্ধারণও করে দেবেন। কাজেই বাংলায় বিধানসভা ভোটকে সামনে রেখে এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মোদি কী বার্তা দেন সেদিকেও থাকবে নজর। কবে হতে চলেছে এই কর্মসূচি? নববর্ষ উপলক্ষে ১ বৈশাখের আগের দিন, অর্থাৎ ১৪ এপ্রিল এই কর্মসূচি বাংলায় নেওয়া হয়েছে। ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ এই কর্মসূচির মাধ্যমে নমো অ্যাপে নরেন্দ্র মোদি সরাসরি বাংলার বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলবেন।
দলের নিচুতলাকে শক্তিশালী করতে নিজেদের মতামত ও পরামর্শ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সুযোগ পাবেন বুথস্তরের নেতা-কর্মীরা। দলের সংগঠনকে চাঙ্গা করতে,
নিচুতলার কর্মীদের উৎসাহ বাড়াতে ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যেই ভোটমুখী বাংলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। দলের তরফে এই কর্মসূচির সূচনায় বলা হয়েছে, ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ সংলাপ-পশ্চিমবঙ্গ। হয়ে উঠুন পশ্চিমবঙ্গের কণ্ঠস্বর-আপনার ভাবনা, আপনার স্বপ্ন, সরাসরি পৌঁছে দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। নমো অ্যাপ-এর মাধ্যমে আপনার মূল্যবান ও সাহসী পরামর্শ শেয়ার করুন এবং আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণে নিজের অংশীদারিত্ব গড়ে তুলুন। নির্বাচিত কার্যকর্তারা নমো অ্যাপের মাধ্যমে সরাসরি সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের বিরল সুযোগ পাবেন যেখানে আপনার কণ্ঠই হয়ে উঠবে পরিবর্তনের শক্তি।’ ইতিমধ্যেই ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ স্লোগান নিয়ে কয়েক দফায় ‘বুথ সশক্তিকরণ অভিযান’কর্মসূচিও করেছে রাজ্য বিজেপি।
বুথস্তরে সংগঠন কেমন হবে সেই মর্মে লিখিত আকারে নির্দেশও গিয়েছিল জেলায় জেলায়। বুথে বুথে শক্তি বাড়ানোর ব্লু প্রিন্ট বিজেপি তৈরি করে। ১১ জনের বুথ কমিটি গড়ার পাশাপাশি প্রতিটি কমিটিতে ২০ জন সদস্য করা হয়েছে। বুথের ভোটার তালিকায় প্রতি পাতার দায়িত্বে একজন করে দেওয়া হয়েছিল। এঁরা ওই পাতায় নাম থাকা পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রেখে দলের কথা তাদের বলেছেন। বুথ এলাকায় তফসিলি জাতি, জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদেরও কমিটিতে রাখা হয়েছে। বুথে প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মহিলা ভোটারদের সঙ্গে যোগাযোগের জন্যও এক জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজেই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে হতে চলেছে বুথ কার্যকর্তাদের মতবিনিময়ও।