পাটনা: নীতীশ কুমারের পর বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, তা নিয়ে আলোচনা অব্যাহত। তার মধ্যেই বিহারে নতুন করে সরকার গঠনের প্রক্রিয়া আজ, সোমবার থেকে শুরু হবে বলে জানালেন জেডিইউয়ের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি সঞ্জয়কুমার ঝা। এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনে দল ও বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেন নীতীশ। সেখানে উপস্থিত ছিলেন বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। নীতীশের পদত্যাগের পর মুখ্যমন্ত্রী হিসাবে সম্রাটের পাল্লাই ভারি। বিজেপির পরামর্শ মেনেই যে পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করা হবে বলে মেনে নিচ্ছেন জেডিইউয়ের অন্যতম শীর্ষ নেতা বিজয়কুমার চৌধুরিও।
তবে, মুখ্যমন্ত্রী পদ বিজেপির হাতে চলে যাওয়া নিয়ে নীতীশের দলের একাংশ যে চরম ক্ষুব্ধ, রবিবারও তার প্রমাণ মিলেছে। এদিন পাটনাজুড়ে জেডিইউ কর্মীরা নীতীশ-পুত্র নিশান্তকে মুখ্যমন্ত্রী চেয়ে পোস্টার টাঙিয়েছেন। নিজেদের ‘নীতীশ সেবক’ দাবি করে ওই কর্মীরা আরজি জানিয়েছেন, নিশান্ত অন্তরাল থেকে বেরিয়ে এসে নেতৃত্ব হাতে নিন। পোস্টারে লেখা হয়েছে, ‘আমরা বুলডোজার চাই না, বিহারে দাঙ্গা-অশান্তিও চাই না। আমরা লোকনায়ক চাই। ছায়া থেকে বেরিয়ে আসুন। আমরা তরুণ নেতা নিশান্ত কুমারকে চাই।’ এর আগেও একাধিকবার নিশান্তকে মুখ্যমন্ত্রী চেয়ে বিহারে পোস্টার টাঙিয়েছিলেন জেডিইউ কর্মীরা। শোনা যাচ্ছে, সম্রাট মুখ্যমন্ত্রী হলে, নিশান্তকে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে। এদিকে, বিহারে পরিষদীয় নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ‘পর্যবেক্ষক’ হিসাবে নিয়োগ করেছে বিজেপি। দলের সংসদীয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।