১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরে বাদ ৫ কোটি ২০ লক্ষ
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ, গুজরাত থেকে শুরু করে পশ্চিমবঙ্গ। গত বছর থেকেই এসআইআর নিয়ে তোলপাড় গোটা দেশ। আমজনতার বিভ্রান্তি, কেন্দ্রের বিজেপি সরকারকে বিরোধীদের আক্রমণ থেকে শুরু করে সুপ্রিম কোর্টে মামলা। এসআইআর নিয়ে এখনও টানাপোড়েন জারি। এরই মাঝে সামনে এল এক তথ্য। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ায় মোট ৫ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই তালিকায় অবশ্য বিহার নেই। গত বছর ২৭ অক্টোবর থেকে যে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে, তাদের হিসাব তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে এসআইআর শুরুর সময় এই রাজ্যগুলিতে মোট জনসংখ্যা ছিল প্রায় ৫১ কোটি। সেই অনুযায়ী ৫ কোটি ২০ লক্ষ অর্থাৎ প্রায় ১০.২ শতাংশ ভোটারের নাম বাদ গিয়েছে। দ্বিতীয় দফা শেষে সব মিলিয়ে মোট ৭ কোটি ২০ লক্ষের নাম বাদ গিয়েছিল। কিন্তু ফর্ম ৬ (নতুন ভোটার অন্তর্ভুক্তি) ও ফর্ম ৮ (আগের ভোটারদের নতুন ঠিকানায় নাম নথিভুক্তকরণ) জমা পড়ার পর আরও ২ কোটি নাম যুক্ত হয়েছে। তাই বাদ পড়া ভোটারের সংখ্যা কমে হয়েছে ৫ কোটি ২০ লক্ষ। কমিশন সূত্রে জানা গিয়েছে, বাদ পড়া এই ১০.২ শতাংশ ভোটারের মধ্যে প্রায় ৬.৫ শতাংশ অনুপস্থিত, মৃত বা অন্যত্র গিয়ে বসবাস করছেন। বাকিদের ভুয়ো চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।