• বৈধ ভোটাররা কি এবার ভোট দেবেন? সুপ্রিম সিদ্ধান্ত আজ
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ট্রাইবুনালের ছাড়পত্রের অপেক্ষায় ২৭ লক্ষ ভোটার। তাঁরা ‘ডিলিটেড’। এদেশেরই নাগরিক। কিন্তু ভোটাধিকার হারিয়েছেন। গত ৬ এবং ৯ এপ্রিল ‘ফ্রিজ’ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে দু’দফার ভোটার তালিকা। এবার যদি ট্রাইবুনাল তাঁদের ‘বৈধ’ বলে স্বীকৃতি দেয়, তাহলে কি এই ভোটাররা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন? উত্তরের আশায় আজ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে গোটা বাংলা। আজ দুপুর আড়াইটেয় দেশের প্রধান বিচারপতির বেঞ্চে তারই শুনানি। 

    খসড়া তালিকায় নাম, তারপর ‘বিচারাধীন’ বলে খাদের কিনারায় ঠেলে দেওয়া। পশ্চিমবঙ্গের ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের ভোটাধিকার প্রশ্নের মুখে ফেলেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯টি ট্রাইবুনাল গড়া হলেও নির্বাচন কমিশনের ব্যর্থতায় এখনও তার নিষ্পত্তি হয়নি। তাই আইনজীবী মারফত সু঩প্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজি, বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হোক। যদিও নির্বাচন কমিশন রাজি নয়। তারা স্রেফ বাংলার জন্য নিয়ম ভাঙতে নারাজ। নিয়ম হল, ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষদিন পর্যন্ত যাঁদের নাম অন্তর্ভুক্ত রয়েছে, তাঁরাই এবারের ভোটার। কিন্তু কমিশনের ভুলের মাশুল কেন দেবে সাধারণ নাগরিক? এই প্রশ্নেই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোস্তারি বানু, মমতা বন্দ্যোপাধ্যায়, জয় গোস্বামীর মতো ১১টি মামলার আবেদনকারী। বৈধ পাসপোর্ট দেখিয়েও কেন ভোটার তালিকায় নাম বাদ? সওয়াল খাড়া করে একই পরিবারের ১৩ জনের মামলারও শুনানি হবে সুপ্রিম কোর্টে। 

    এদিকে, কমিশনের খামখেয়ালিপনায় ক্ষুব্ধ বিজেপি শরিকও। কোনোরকম নোটিস ছাড়াই নাম কেটে দেওয়ায় রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জমা পড়েছে। বিজেপি-শরিক মেঘালয়ের ‘ন্যাশনাল পিপলস পার্টি’র রাজ্যসভার সাংসদ ডব্লু খারলুখির ব্যক্তিগত সহায়ক দেবাশিস বটব্যাল যতীন দাস রোডের বাসিন্দা। স্ত্রীর নাম থাকলেও দেবাশিসবাবুর নাম নেই। অথচ তাঁদের পূর্বপুরুষ উমেশচন্দ্র বটব্যাল ১৮৫২ সাল থেকে হুগলির খানাকুলের বাসিন্দা। পুরানো দিনের হিন্দি ছবির নায়ক প্রদীপকুমারও এই পরিবারের। বরাবরের ভোটার হওয়া সত্ত্বেও আগাম জানান না দিয়ে কেন নাম বাদ? থানায় অভিযোগ জানানোর পাশাপাশি জ্ঞানেশ কুমারের হস্তক্ষেপও চেয়েছেন তিনি। 
  • Link to this news (বর্তমান)