• মমতার সভায় ৫০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা তৃণমূলের
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • কাজল মণ্ডল, ইসলামপুর: কয়েকদিন আগে রায়গঞ্জের সভা থেকে কানাইয়ালাল আগরওয়ালের উদ্দেশে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এবার জিততেই হবে’। এবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি তথা ইসলামপুরের তৃণমূল প্রার্থী কানাইয়ালালের সমর্থনে সভা করতে আসছেন মমতা। ১৫ এপ্রিল, বুধবার ইসলামপুর কোর্ট ময়দানে সেই সভা হবে। তার জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি, ‘সেফ সিট’ হলেও এবারের নির্বাচনে ফাঁকফোকর রাখতে চাইছেন না তৃণমূল নেত্রী। সেই সভায় ৫০ হাজার সমর্থক নিয়ে আসার লক্ষ্য নিয়েছে তৃণমূল নেতৃত্ব। 

    একুশের বিধানসভা এবং গত লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে পরাজয়ের পর এবার খাসতালুক ইসলামপুরে কানাইয়ালালকে প্রার্থী করেছে তৃণমূল। কয়েকদিন আগে রায়গঞ্জে নির্বাচনি সভায় এসেও তৃণমূল নেত্রী কানাইয়ালালকে নির্দেশ দিয়েছেন, ‘এবার কিন্তু জিততেই হবে’। দু’বার পরাজয়ের পর এবার জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী কানাইয়া। ইসলামপুরে নেত্রী আসার ফলে জয়ের পথ প্রশস্ত হবে বলে মনে করছেন নেতাকর্মীরাও। কানাইয়ালালের কথায়, এবার জয়ী হবই। যেভাবে মানুষের সমর্থন রয়েছে, জয়ের ব্যবধানও অনেক হবে। ইসলামপুরের একদিকে চোপড়া, অন্যদিকে গোয়ালপোখর। মুখ্যমন্ত্রীর সভায় ওই দুই কেন্দ্র থেকেও লোকজন আসবে। ইসলামপুরকে মূল কেন্দ্রে রাখা হলেও তিন কেন্দ্রকে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। এসআইআরের ফলে এই তিন বিধানসভা কেন্দ্রে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে। বাতিল ভোটাররা আতঙ্কে  রয়েছেন। রাজনৈতিক মহল বলছে, এর প্রভাব নির্বাচনে পড়বে। অন্যদিকে, এলাকার ১১ বারের বিধায়ক প্রবীণ তৃণমূল নেতা আব্দুল করিম চৌধুরী এবার নির্বাচনের ময়দানে নেই। অসুস্থ থাকায় তিনি চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে নেত্রী কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে দলের নেতাকর্মীরা। কানাইয়া বলছেন, ১৫ তারিখ ১১টায় কোর্ট ময়দানে সভা হবে। হাইস্কুল মাঠে হেলিপ্যাড তৈরি হচ্ছে। দলের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, আমরা ৫০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য নিয়েছি। তবে, তার চেয়ে বেশি সমর্থক আসবেন বলে মনে হচ্ছে।
  • Link to this news (বর্তমান)