• সাত বছর আগে আশাজি-কে সামনে থেকে দেখার স্মৃতি আঁকড়ে ময়নাগুড়ি
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: জীবনে প্রথম কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলেকে সামনাসামনি দেখেছি। সেই স্মৃতি আমৃত্যু মনে থাকবে। ওঁর মৃত্যুর খবর পেয়ে খানিকটা স্মৃতিমেদুর হয়ে ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল। 

    সালটা ২০১৯। ওই বছর আশা ভোঁসলে ময়নাগুড়িতে একটি জলসায় এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা, মিকা সিং সহ কয়েকজন। ময়নাগুড়ি খেলার মাঠ আশা ভোঁসলের সেই স্মৃতি যেন এখনও বহন করে চলেছে।

    রবিবার ঝুলন সান্যাল বললেন, ময়নাগুড়িতে একটি জলসায় আশা ভোঁসলে সহ একঝাঁক শিল্পী অনুষ্ঠান করতে এসেছিলেন। জীবনে এতবড় কণ্ঠশিল্পীর সামনে দাঁড়িয়ে আছি, ওই মুহূর্তে কল্পনাও করতে পারছিলাম না। তখন ময়নাগুড়ি পুরসভা হয়নি, গ্রাম পঞ্চায়েত ছিল। শিল্পী এখানে এসে এখানকার গ্রামীণ সবুজ পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাঁর সঙ্গে সামান্য কিছু কথা হয়েছিল। সেই কথাগুলি আজ ভীষণভাবে মনে নাড়া দিচ্ছে।

    ঝুলন জানান, শুধু জলপাইগুড়ি নয়, শিলিগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার সহ অসম থেকেও শিল্পীর গান শুনতে এসেছিলেন প্রচুর শ্রোতা। প্রায় এক কোটি টাকা বাজেট ছিল। অতিথি আপ্যায়নে আপ্লুত হয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে ডুয়ার্সের লাটাগুড়িতে একটি রিসর্টে ছিলেন। 

    ময়নাগুড়ি শহরের বাসিন্দা বাবুয়া ভট্টাচার্য বলেন, সঙ্গীত জগতের বিরাট ক্ষতি হয়ে গেল। তাঁর খাওয়াদাওয়া অতি সাধারণ। আশা ভোঁসলেকে আমরা ময়নাগুড়িতে আনতে পেরেছিলাম। এজন্য আজও গর্বিত। তাঁর প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল সঙ্গীত জগতে। • আশা ভোঁসলের সঙ্গে পুরসভার ভাইস চেয়ারম্যান। -  ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)