• ১৬ এপ্রিল দিনহাটার সংহতি ময়দানে নির্বাচনি সভা মমতার
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটা ও সিতাইয়ের তৃণমূল প্রার্থীর সমর্থনে দিনহাটার সংহতি ময়দানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় সংহতি ময়দানের ওই নির্বাচনি সভা থেকে দিনহাটার প্রার্থী উদয়ন গুহ ও সিতাইয়ের প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে প্রচার সভা করবেন তৃণমূল সুপ্রিমো। 

    তৃণমূলের তরফে ভোটপ্রচারের পাশাপাশি দলনেত্রীর সভা ঘিরে জোর প্রচার চালাচ্ছেন শাসক দলের নেতাকর্মীরা। সভায় লক্ষাধিক লোকের জমায়েত হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। রবিবার সংহতি ময়দানে মমতার সভা মঞ্চ তৈরির জন্য মাপজোখ করে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়। রবিবার জেলা পুলিশের তরফে সভাস্থল পরিদর্শন করে নিরাপত্তার সব দিক খতিয়ে দেখার পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গে সভা নিয়ে প্রস্তুতি বৈঠক করেন জেলা পুলিশের আধিকারিকরা। ছিলেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়, দিনহাটার এসডিপিও প্রশান্ত দেবনাথ সহ অন্য আধিকারিকরা। ছিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর সহ নেতৃত্ব।

    জানা গিয়েছে, দিনহাটা সংহতি ময়দানে কোথায় মঞ্চ এবং কোথায় হেলিপ্যাড তৈরি করা হবে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে দিনহাটা শহর তৃণমূল সভাপতি বিশু ধর বলেন, দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ এবং সিতাই বিধানসভা কেন্দ্রের সঙ্গীতা রায়ের সমর্থনে মুখ্যমন্ত্রী ১৬ এপ্রিল দিনহাটায় আসছেন। তিনি সংহতি ময়দানে প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন। এদিন মাঠ পরিদর্শন ছাড়াও পুলিশ, প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক হয়েছে। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)