• নারায়ণপুর চরে নেই কোনো দলের ফ্ল্যাগ-ফেস্টুন, পা রাখেননি প্রার্থীরাও
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • সাগর রজক, মানিকচক: রাজ্যজুড়ে ভোটের হাওয়া। চলছে রাজনৈতিক দলগুলির জোর প্রচার। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, দেওয়াল লিখন, পোস্টার ও ফ্লেক্সের ছড়াছড়ি। কিন্তু এই সমস্ত দিক থেকে অনেকটা দূরে মানিকচকের প্রত্যন্ত গ্রাম নারায়ণপুর চর। সেখানে নেই কোনো রাজনৈতিক দলের পোস্টার, দেওয়াল লিখন। এমনকী এখনও কোনো প্রার্থী ভোট চাইতেও আসেননি বলে জানিয়েছেন গ্রামের প্রায় ২৫০টি পরিবারের বাসিন্দারা।

    মানিকচকে গঙ্গার একেবারে বুকের মধ্যে গজিয়ে ওঠা চরের নাম নারায়ণপুর। কয়েক দশক ধরে প্রায় পাঁচশো পরিবারের বসবাস ছিল এই চরে। কিন্তু প্রতিবছর গঙ্গা ভাঙন ও প্রকৃতির কোপে ভিটেমাটি হারিয়ে দিশাহারা তারা। অনেকে ভাঙনের ভয়ে ঝাড়খণ্ড বা বাংলার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই বর্তমানে গ্রামে বসবাস করছে প্রায় ২৫০টি পরিবার। নেই কোনো বিদ্যালয়, স্বাস্থ্য ব্যবস্থা বা সঠিক পানীয় জলের ব্যবস্থা। কিন্তু নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের দেখা মেলে গ্রামে। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সমস্ত দলের রাজনৈতিক ঝান্ডায় ভরে যায় এলাকা। লাগানো হয় বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থনে পোস্টার, ফ্লেক্স। গ্রামে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন প্রার্থীরা। সমাধানের আশ্বাস দেন এবং ভোট প্রার্থনা করেন। নিজেদের সমস্যা জানিয়ে কিছুটা হলেও স্বস্তি বোধ হয় বাসিন্দাদের। আশায় বুক বাঁধেন, হয়ত এবার দিন ফিরবে। কিন্তু এখনও পর্যন্ত হাল ফেরেনি। কিন্তু এবারের চিত্র একেবারে আলাদা। ২৩ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। কিন্তু এখনও পর্যন্ত গ্রামে দেখা যায়নি কোনো রাজনৈতিক প্রচার। 

    নেই কোনো পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, রাজনৈতিক দলের ঝান্ডাও। এমনকী ভোট প্রার্থনা করতে আসেননি কোনো প্রার্থীও। স্থানীয় বাসিন্দা বিদূর চৌধুরী, রাজাজি চৌধুরীরা বলেন, আমাদের গ্রাম সবসময় অবহেলিত। শুধু পঞ্চায়েত থেকে কিছু রাস্তা ও সোলার লাইট ছাড়া কিছু হয়নি। এই গ্রামের মানুষের ভোটের প্রয়োজন নেই কোনো রাজনৈতিক দলের। তাই প্রার্থীরা এই গ্রামে আসছেন না। বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই ভয়ে হয়ত আসছেন না।  মানিকচকের নারায়ণপুর গ্রামে নেই কোনো রাজনৈতিক দলের ফ্ল্যাগ, ফেস্টুন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)