অভিষেকের নির্দেশের পরই পিছিয়ে থাকা ৪ বুথ পুনরুদ্ধারে সক্রিয় তৃণমূল
বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
সংবাদদাতা,খাতড়া: দিন কয়েক আগে বিবড়দার কলেজ মাঠে দলীয় প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে অনুষ্ঠিত হয় এক জনসভা। সেই সভায় বক্তব্য রাখতে উঠে গত বিধানসভা ও গত লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তালডাংরা বিধানসভায় পিছিয়ে থাকা চারটি অঞ্চলের তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক লিড দিন, যাতে একশ বছরেও বিজেপি তালডাংরার মাটিতে প্রার্থী খুঁজে না পায়। অভিষেকের এই বার্তার পরেই পিছিয়ে থাকা অঞ্চলগুলিতে বুথ সভাপতি সহকর্মীদের নিয়ে দিনরাত এক করে মাটি কামড়ে পড়ে থাকছেন অঞ্চল সভাপতি সহ অন্যান্য নেতারা। তবে বিজেপির দাবি, শুধু ওই চারটি অঞ্চল কেন, এবারের নির্বাচনে তালডাংরা বিধানসভা বিজেপির দখলে যাবে। যদিও বিজেপির দাবিকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছে তৃণমূল।
এই চার অঞ্চলের তৃণমূলের সভাপতিরা বুথে মাটি কামড়ে পড়ে রয়েছেন। বাড়ি বাড়ি যাচ্ছেন, এলাকার মানুষদের সঙ্গে কথা বলছেন। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সহ নানা প্রকল্পের কথা তুলে ধরছেন। এই সরকার থাকলে আগামীদিনে এই প্রকল্পের সুবিধা আরও পাওয়া যাবে। বিজেপি ভোটের মুখে নানা প্রকল্পের কথা বললেও কোনো প্রকল্প কোথাও শুরু করবে না। কারণ আজও প্রধানমন্ত্রীর দেওয়া কথা অনুযায়ী দেশের একজনেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢোকেনি। তাই মিথ্যা বুলি বলে ভোট নেওয়া চেষ্টা করছে বিজেপি। এইসব কথা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সামনে তুলে ধরছে তৃণমূল নেতৃত্ব।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত একুশের বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভার ব্রজরাজপুর অঞ্চলের ২১টি বুথের মধ্যে ১৬টি, হাড়মাসড়া অঞ্চলের ১৬টি বুথের মধ্যে ১১টি, তালডাংরার ১৫টি বুথের মধ্যে পাঁচটি এবং পাঁচমুড়া অঞ্চলের ১৭টি বুথের মধ্যে ১১টি বুথে তৃণমূল পিছিয়ে ছিল। অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভার ব্রজরাজপুর অঞ্চলের ২১টি বুথের মধ্যে ১১টি, হাড়মাসড়া অঞ্চলে ১৬টি বুথের মধ্যে ১০টি, তালডাংরা অঞ্চলের ১৫টি বুথের মধ্যে ১২টি এবং পাঁচমুড়া অঞ্চলের ১৭টি বুথের মধ্যে ১২টি বুথে তৃণমূল পিছিয়ে ছিল ।
তৃণমূলের পাঁচমুড়ার অঞ্চল সভাপতি সুশান্ত সিংহমহাপাত্র ও তালডাংরা অঞ্চল সভাপতি সৌমেন মাঝি বলেন, গত বিধানসভা ও লোকসভা ভোটে আমরা পিছিয়ে থাকলেও এবারের বিধানসভা নির্বাচনে আমাদের অঞ্চলের সাংগঠনিক অবস্থা খুব ভালো। মানুষের মধ্যে ভূল বোঝাবুঝি ঘুচেছে। বাস্তবটা বুঝতে পেরেছে সাধারণ মানুষজন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কথা শুনছি। মানুষদের ফিডব্যাক খুব ভালো। তাই এবারের নির্বাচনে আমাদের বুথগুলি থেকে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে আমাদের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু জয়লাভ করবে।
তবে বিজেপির তালডাংরার মণ্ডল দুইয়ের সভাপতি আশিস লোহার বলেন, একুশের নির্বাচনে তৃণমূল কীভাবে ভুয়ো ভোটে জিতেছিল তা এসআইএরের প্রমাণ হয়েছে। তাই তৃণমূলের পচন শুরু হয়েছে ওই চারটা অঞ্চল থেকেই। এখন আর চারটা অঞ্চল নয়, এবার তালডাংরা বিধানসভা সহ সমগ্র রাজ্য বিজেপির দখলে যাবে।
অন্যদিকে ফাল্গুনী সিংহবাবু বলেন, গত বিধানসভা ও লোকসভায় পিছিয়ে থাকলেও তালডাংরা বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে লিড দিয়েছে ওই অঞ্চলগুলি থেকে। বিজেপির জয় নিয়ে ভাবছে, তাই তাদের একটাই কথা বলব আমি, প্রার্থী হয়ে বা দীর্ঘদিনের একজন কর্মী হিসাবে আমার তালডাংরা বিধানসভার পনেরোটি অঞ্চলে ঘুরে দেখছি। বিজেপি বিধানসভার কোনো একটা অঞ্চল জিতে দেখাক। আমরা রেকর্ড সংখ্যক ভোট নিয়ে জিতছি, বিজেপি সেটা ফলাফলের দিন দেখতে পাবে।