• লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চয় সৌমিকের হাতে তুলে দিলেন এলাকার মহিলারা
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রানিনগরের কালীনগর-১ অঞ্চলের লক্ষ্মীনারায়ণপুরে চলছে তৃণমূলের রোড শো। হুড খোলা গাড়িতে তৃণমূলের প্রার্থী সৌমিক হোসেন হাত নাড়াচ্ছেন। আবার কখনও করজোড়ে ভোটের আবেদন জানাচ্ছেন প্রার্থী। হঠাৎ অঞ্জনা মণ্ডল, চায়না মণ্ডল, মাম্পি মণ্ডলরা সাদা খাম হাতে তুলে প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করলেন। এদের সবার বাড়ি লক্ষ্মীনারায়ণপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী গ্রামে প্রচারে আসবে শুনে তাড়াতাড়ি রান্না সেরে ঘরের কাজ গুছিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন সকলে। টানা রোদ উপেক্ষা করে ঠাঁই দাঁড়িয়ে আছেন তাঁরা। হাতে খামের মধ্যে টাকা। প্রার্থীর হাতে দিয়ে বললেন, দিদি আমাদের প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। তার থেকে এক মাসের এই টাকা আপনাকে দিলাম। ভোটের প্রচারে অনেক খরচ। এটা আমাদের তরফ থেকে। 

    গ্রাম্য বধূদের এহেন মানবিকতা দেখে চোখ ছলছল করে উঠল সৌমিকের। করজোড়ে তাঁদের কাছে আশীর্বাদ নিয়ে এগিয়ে চললেন। কয়েক মিনিটের এই মুহূর্ত ভোট প্রচারের অন্যতম সেরা অভিজ্ঞতা বলেই জানালেন সৌমিক। 

    তিনি বলেন, এই অভিজ্ঞতা কখনই ভুলব না। মহিলারা যেভাবে একসঙ্গে আমাকে তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলে দিলেন সেটা খুবই ভালো লেগেছে। আমি এদের সকলের কাছে কৃতজ্ঞ। নির্বাচনে জিতে এখানকার মানুষের যে দাবি, তা পূরণ করার চেষ্টা করব। আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে মানুষ খুব খুশি। সকলেই হাত খরচের টাকা পাচ্ছেন। পাশপাশি এবার যুবসাথী প্রকল্পে অনেকেই সাহায্য পেয়েছেন। সকলের কথা ভাবেন মুখ্যমন্ত্রী। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবেই লড়াইতে আছি। এখানে মানুষের আশীর্বাদে আমাদের সঙ্গে থাকবে বলেই আমরা আশাবাদী। 

    আরও রানিনগরে এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে পাল্লা দিচ্ছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি। তবে প্রচারে অনেকটাই এগিয়ে আছে শাসকদল। যেখানেই প্রার্থী যাচ্ছেন, সেখানে স্বতস্ফূর্ত ভিড় বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ঘাসফুল শিবিরকে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সৌমিকের প্রচার পরিকল্পনার অঙ্ককে এগিয়ে রাখছে। তাঁদের দাবি, সৌমিক প্রতিটা পঞ্চায়েতে ঘুরে বেড়াচ্ছে। সেলিব্রিটি প্রচারকদের এনে হওয়া গরম করে দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলার বিভিন্ন প্রান্তে সভা ও মিছিল করলেও রানিনগরে তাঁরা প্রচারে আসেননি। কিন্তু অভিনেতা দেব থেকে শ্রাবন্তী এমন তারকাদের এনে প্রচারে বিরোধীদের বেগ দিচ্ছেন তৃণমূল প্রার্থী। এমনকী আগামীতে বলিউডের কাউকে প্রচারে আনতে পারেন বলেও পরিকল্পনা করছেন সৌমিক। তিনি বলেন, বলিউডের প্রথম সারির অভিনেতার সঙ্গে কথা হচ্ছিল। কিন্তু এখন নির্বাচনের আগে সিকিউরিটির সমস্যার জন্য আমরা তাঁকে আনতে পারছি না। তবে নির্বাচনের পর অবশ্যই তাঁকে একবার আনার চেষ্টা করব। এবার নির্বাচনের আগে বলিউডের অন্য তারকাকে আনতে চাই। যদিও বিজেপি একেবারই সৌমিকের এই প্রচারকে গুরুত্ব দিচ্ছে না। বিজেপির রাজ্য সম্পাদক শাখারভ সরকার বলেন, মানুষ মোদিজির বিকাশ দেখে ভোট দেবেন। এখানে কোনও নায়ক নায়িকার প্রচার কাজ করবে না। মোদিজি মুর্শিদাবাদ এলেন। এখানে হাওয়া ঘুরে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)