নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাকা চেকিংয়ের সময় নির্বাচন কমিশনের আওতায় থাকা পুলিশের আচরণ নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাজ আরো মানবিক হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। টালিগঞ্জ ফাঁড়ির কাছে শ্যুটিং সেরে ফিরছিলেন অভিনেত্রীর তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁর অভিযোগ, নাকা চেকিংয়ের নামে তাঁকে হেনস্তা করা হয়। তল্লাশি চলাকালে তিনি সম্পূর্ণ সহযোগিতা করলেও তাঁর ব্যাগে থাকা মহিলাদের ব্যবহার্য বিশেষ কিছু জিনিস নিয়েও অবান্তর প্রশ্ন তোলে পুলিশ। ওই ঘটনাটি একজন মহিলাকে অসম্মান করা বলেই মনে করেন শ্রীময়ী। ঘটনার খবর পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রবিবার নির্বাচনি জনসভা থেকে মমতা বলেন, ‘তল্লাশির নামে মেয়েদের অসম্মান করা হয়েছে। কাঞ্চন মল্লিকের স্ত্রীকে হেনস্তা করা হয়েছে। কয়েকদিন আগে ভবানীপুরের একজন অভিজাত পরিবারে মহিলাকেও হেনস্তা করা হয়েছে। অশ্লীলতা চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়েছে। মহিলাদের কাছে আবেদন রাখব, কেউ যদি অশ্লীলতা করে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ করবেন।’