• বিজেপির প্রচার করছে কেন্দ্রীয় বাহিনী! তৃণমূলের অভিযোগ ঘিরে সরগরম বালি বিধানসভা
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালি বিধানসভা কেন্দ্রে একই দিনে দুটি ঘটনা ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি প্রার্থীর প্রচারের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানোর অভিযোগ উঠেছে, অন্যদিকে নির্বাচনি বিধির যুক্তি দেখিয়ে ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনাও ক্ষোভ বাড়িয়েছে। জোরা ঘটনা সামনে এনে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল শিবির।

    প্রথম ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তায় টহলরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উদ্দেশে ওই ব্যক্তি সরাসরি প্রশ্ন তুলছেন, নিরপেক্ষ বাহিনী হয়েও কেন তাঁরা সাধারণ মানুষকে বিজেপির পক্ষে ভোট দিতে বলছেন? অভিযোগ, বিজেপি প্রার্থীর লিফলেট হাতে নিয়ে এলাকার বাসিন্দাদের তাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য বলা হচ্ছিল। বালির তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র দাবি করেছেন, ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বালি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের লিলুয়ার পটুয়াপাড়ায়। তখন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন। তাঁর অভিযোগ, ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রার্থীর লিফলেট হাতে নিয়ে ভোট দেওয়ার আবেদন করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। আমরা এই বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে জানাব।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘প্রথম দিন থেকে আমরা বলে আসছি, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকা সেই অভিযোগকে আরও জোরালো করছে।’ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। তিনি বলেন, ‘আমার হয়ে কেন্দ্রীয় বাহিনী প্রচার করবে, এটা অবাস্তব কথা। নিজে কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।’

    একই দিনে বালিতে আরেকটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বালির হনুমান মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত রাম কীর্তনের অনুষ্ঠানে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে আপত্তি জানানো হয়। অভিযোগ, কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এসে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেন। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। তাঁদের দাবি, নির্বাচনি বিধির কারণে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান বন্ধ করা যায় না। বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়ে শেষ পর্যন্ত কমিশনের আধিকারিকদের সেখান থেকে সরে যেতে হয়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। দুটি ঘটনাকে ঘিরে বালির ভোট রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর একাংশের আচরণে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ছে এবং নির্বাচন কমিশন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সক্রিয় হয়ে উঠছে।
  • Link to this news (বর্তমান)