• রবিবারের প্রচারে সবাইকে টেক্কা উন্নয়নের লুডোর
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: দাদা তোমার হাতে ওটা কি লুডো? এইরকম তো আগে দেখিনি। এটাতে কি আমারা লুডো খেলতে পারব? রবিবার সকালে এইরকম নানা প্রশ্ন ছিল উলুবেড়িয়া দক্ষিন বিধানসভা কেন্দ্রের কালীনগর অঞ্চলের আফসানা, সেলিমা, অমৃতা সহ একাধিক ভোটারদের। তৃণমূলের  নেতা, কর্মীরা তাঁদের বোঝালেন, এটা আসলে উন্নয়নের লুডো। এই লুডো খেলতে গিয়ে তৃণমূলের উন্নয়নের মইয়ে চড়লে রাজ্যের উন্নয়ন হবে। আবার বাংলা বিরোধী সাপেদের মুখে পড়লে বাংলার অনুন্নয়ন হবে। তৃণমূল নেতা, কর্মীদের মুখ থেকে লুডোর এই তাৎপর্য শুনে ভোটাররা হাসিমুখে জানালেন, ভালোই হল! একদিকে লুডো খেলাও হবে, অন্যদিকে রাজ্যের নানা উন্নয়ন প্রকল্পও জানা যাবে।

    নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই রবিবারগুলি জমজমাট হয়ে উঠছে ভোটের প্রচারে। এই রবিবারেও সেই নিয়মে কোনো ব্যতিক্রম হয়নি। দলীয় পতাকা, রং-বেরংয়ের বেলুন, বাদ্যযন্ত্র সহকারে কোথাও পায়ে হেঁটে, কোথাও ছোট গাড়িতে চড়ে, আবার কোথাও বাইকে চেপে উৎসবের মেজাজে প্রচার সারলেন প্রার্থীরা। এদিন উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যস্ত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়ার বিভিন্ন জায়গায় প্রচার করেন বিজেপি প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

    এছাড়া আমতা বিধানসভার ঝিখিরা ও বাইনান অঞ্চলে প্রচার করেন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। শ্যামপুরের হোগলাসি, দেউলি, নুনেবাড়, কমলপুরে প্রচার করেন বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। শ্যামপুরের বারগ্রামে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী নদেবাসী জানা। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমরুক, তপনা সহ বিভিন্ন জায়গায় প্রচার করেন বিজেপি প্রার্থী মঙ্গলানন্দ পুরী মহারাজ। আর বাগনান ১ নম্বর অঞ্চলে প্রচার করেন তৃণমূল প্রার্থী অরুণাভ সেন। উদয়নারায়ণপুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী সমীর পাঁজা।  উলুবেড়িয়ায় উন্নয়নের লুডো নিয়ে তৃণমূলের প্রচার। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)