• সোনারপুর উত্তরে তৃণমূল প্রার্থীর প্রচারে দলীয় সাংসদ ইউসুফ পাঠান
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা: তারকা প্রচারক দিয়ে রবিবারের প্রচারে চমক সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থীর। রবিবার বিকেলে বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এসে ফিরদৌসি বেগমের হয়ে সভা করে গেলেন। এদিন বিকেলে নরেন্দ্রপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আয়োজিত কর্মসূচিতে এসেছিলেন ইউসুফ। তৃণমূল প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করার আবেদন জানান বহরমপুরের সাংসদ। এদিন প্রাক্তন এই ক্রিকেটারকে দেখতে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। সভাস্থল কানায় কানায় পূর্ণ ছিল। মনোনয়ন পর্ব মিটতেই অনেকেই ধরে নিয়েছিল এবার বিভিন্ন দলের হেভিওয়েট নেতানেত্রী এসে তাঁদের দলের প্রার্থীদের হয়ে গলা ফাটাবেন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এখনো সেভাবে বড়ো তারকা বা নেতা ভোট প্রচারে পা রাখেননি জেলায়। রবিবার সেই তারকা প্রচারক এনে ভোট প্রচারের দামামা বাজিয়ে দিলেন সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী। তবে এই কর্মসূচির আগে এদিন সকালে নিজের কেন্দ্রে মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি।

    এদিকে এদিন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র কখনো হেঁটে দোকানদার, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রচার সারেন, কখনো টোটোয় চেপে এলাকা প্রদক্ষিণ করেন। পিছিয়ে ছিলেন না ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তিনি এদিন তারদাহ ও দুর্গাপুর অঞ্চলে নিজের কর্মসূচি রেখেছিলেন। কখনো দলীয় কর্মীর বাইকে কখনো গাড়িতে করে এলাকার মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। 

    সর্বত্র প্রচার শান্তিতে হলেও কুলতলিতে  সানকিজাহান কলোনি এলাকায় বিজেপি প্রার্থী মাধবী মহলদার প্রচারে যেতেই গৃহবধূদের ‘জয় বাংলা’ স্লোগান শুরু হয়। পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি কর্মীরাও। সাময়িক উত্তেজনা তৈরি হয় সেখানে। বিজেপি প্রার্থী মহিলাদের উদ্দেশে বলেন, এটা বাংলাদেশ নয়। এটা ওদের স্লোগান। গৃহবধূরাও প্রার্থীকে পালটনা শোনান, এতদিন কোথায় ছিলেন? এখন এসে বড়ো বড়ো কথা বলছেন যে! আমাদের এখানে কোনো সমস্যা নেই। এই শুনে মাধবীদেবী সদলবলে চলে যান।

    অন্যদিকে, ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী প্রশান্ত বায়েন দাড়িয়া অঞ্চলে হেঁটে হেঁটেই এলাকা পরিক্রমা করেন। পাল্লা দিয়ে প্রচার করেন তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পরেশ রাম দাসও। সকালে বর্ণাঢ্য মিছিলের পাশাপাশি বিকেলে দিঘিরপাড় অঞ্চলে সভায় অংশ নিয়েছিলেন তিনি। কাকদ্বীপের বুধাখালি এলাকায় হেঁটে প্রচার করলেন সিপিএম প্রার্থী নারায়ণ দাস। এছাড়া চাম্পাহাটি বাজার ও স্টেশনে বারুইপুর পূর্বের এসইউসি প্রার্থী পেশায় শিক্ষক জয়দেব নস্করের সমর্থনে জনসংযোগ ও প্রচার করেন দলীয় কর্মীরা।
  • Link to this news (বর্তমান)