নিজস্ব প্রতিনিধি, পুরশুড়া: ১৬ মাস সরকার গঠনের পরও দিল্লির মহিলারা পাননি ভাতা। কিন্তু পুরশুড়ায় এসে মানুষকে টাকা করে দেওয়ার স্বপ্ন ফেরি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, মোদিজি বলেছেন বাংলার সব বোনেদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। যেমন হরিয়ানা, রাজস্থান, অসম এবং দিল্লিতেও পাবেন। এমনই বাংলাতেও তা মিলবে। যাতে ভালোভাবে মহিলারা তার ঘর চালাতে পারেন। সম্মানের সঙ্গে বাঁচতে পারেন। কারও কাছে হাত যাতে না পাততে হয়। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর এমন আশ্বাসকে ভাঁওতা বলেই কটাক্ষ করছে তৃণমূল।
পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি বলেন, বিজেপির প্রতিশ্রুতিই সার। দিল্লিতে দেড় বছরের বেশি সময় ধরে বিজেপির সরকার আছে। মোদিজি প্রতিশ্রুতি দিলেও সেখানকার মহিলাদের ব্যাংকে কোনো টাকা আজ পর্যন্ত দেওয়া হয়নি। বাংলাতেও প্রতিশ্রুতি দিচ্ছে তারা। কিন্তু তারা দেবে না। তাদের ভাঁওতাবাজি পুরশুড়াবাসী বুঝে গিয়েছেন। তাই এবার পুরশুড়াবাসী মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারেই ভরসা রাখবেন। ওই টাকায় মা বোনেরা নিজেদের সম্মান নিয়ে বাঁচেন। মুখ্যমন্ত্রী টাকার অঙ্কও বাড়িয়ে দিয়েছেন।
রবিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা চপারে করে আরামবাগের পল্লিশ্রীতে পূর্ত দপ্তরের হেলিপ্যাডে নামেন। সেখান থেকে গাড়িতে চেপে পৌঁছান পুরশুড়া। সকাল সাড়ে ১০টা নাগাদ পুরশুড়ার নিমডাঙ্গি এলাকা থেকে হুড খোলা জিপে চেপে রোড শো করেন। পরে বেনেপুকুরে মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত সভায় যোগ দেন। রেখাদেবী এদিন তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার সঙ্গে ‘আচ্ছে দিনের’ স্বপ্ন দেখান।
তিনি বলেন, রাস্তায় আসার সময় বাড়ির সামনে আলুর বস্তা দেখছিলাম। এখানে প্রধান ফসল আলু। কিন্তু আলুর দাম মেলে না। কৃষক ঘাম ঝরিয়ে আলু চাষ করেন। কিন্তু দাম পান না। মাঝে আলুর টাকা কে খাচ্ছে? তৃণমূল সরকার কৃষকের কাছ থেকে দাম ছিনিয়ে নিচ্ছে। যুব সম্প্রদায়ের থেকে রোজগার ও মহিলাদের থেকে সম্মান ছিনিয়ে নিচ্ছে এই সরকার।
তিনি আরও বলেন, ১৫ বছর আগে কমিউনিস্টদের থেকে সরকার ছিনিয়ে তৃণমূলকে দিয়েছিল বাংলা। সবার ভালো হবে এই আশা ছিল। কিন্তু তৃণমূল সরকার নিজেদের ভালো করেছে। গরিব মানুষের ভালো করেনি। তাই এই সরকার পাল্টানো দরকার।
মুখ্যমন্ত্রী রেখাদেবী আরও বলেন, আর আমাদের ভয় নেই। মা বোনেরা নিজেদের মধ্যে মা দুর্গা, কালীর রূপ নিয়ে আসুন। ইভিএমে পদ্ম চিহ্নে ভোট দিয়ে দুরাচারীকে ভাগান। মোদিজির নেতৃত্বে বিজেপি সরকার আছে সেখানে। সেখানে বাড়ি, রোজগার মেলে। কৃষকদের সম্মান নিধি পাওয়া যায়। ফসলের দাম পাওয়া যায়। তাই আমাদের চাই মোদি সরকার।
কিন্তু কেন চাই মোদি সরকার? রেখাজি বলেন, সমগ্র দেশে যেভাবে বিকাশ হচ্ছে আমাদের বাংলাতেও তা চাই। ভালো রাস্তা চাই, ভালো স্কুল চাই, হাসপাতাল চাই। দিল্লিতে আমরা মা বোনেদের বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছি। একইভাবে এখানেও হবে। আরও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।