নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝড়বৃষ্টির কারণে কয়েকদিন আগেও পরিবেশ কিছুটা ঠান্ডা ছিল। গত সপ্তাহের রবিবার ছিল তেমনই। চৈত্রের দাবদাহ বলতে যা বোঝায়, তেমন পরিস্থিতি ছিল না। সেই সুযোগে প্রচারে ঝড় তুলেছিলেন প্রার্থীরা। কিন্তু এই রবিবার সকাল থেকে তীব্র গরম টের পাচ্ছে শহরবাসী। কিন্তু তাতে কী! ভোটের দিনও তো এগিয়ে এসেছে! হাতে আর মাত্র ১৫ দিন। তাই চড়া রোদ উপেক্ষা করে সকাল থেকে প্রচারে নেমে পড়লেন শহরের বিধানসভা কেন্দ্রগুলির বিভিন্ন দলের প্রার্থী। সকাল থেকে সন্ধ্যা, লাল থেকে গেরুয়া—বিনা যুদ্ধে জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। রোদ থেকে বাঁচতে কেউ ব্যবহার করলেন ছোটো তোয়ালে, কেউ আবার শাড়ির আঁচলেই ঢেকে নিলেন মাথা।
এদিন সকালে বন্দর বিধানসভার ১৩৩ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার করেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। বিকালে ৭৯ নং ওয়ার্ডের হরবাস মোড় থেকে জনসংযোগ করেন তিনি। তাঁর এদিনের প্রচার শেষ হয় ভূকৈলাস শিবমন্দিরে। সকালে পোদ্দারনগর, কাটজুনগর, বিক্রমগড়ে দোরে দোরে ঘুরে ভোট চান রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। পরে তিনি মুদিয়ালি, বাদামতলা, শিবমন্দির ক্লাব অঞ্চলে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। বিকালে কেয়াতলা রোডে মিছিল সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন দেবাশিসবাবু। সকালে পশ্চিম চৌবাগা অঞ্চলে প্রচার চালান কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাভেদ খান। ট্যাংরা অঞ্চলের শীল লেনে জনসংযোগ সারেন এন্টালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। ৪ নম্বর ওয়ার্ডের গাঙ্গুলিপাড়া লেন, নর্দান অ্যাভিনিউ, রাজা মণীন্দ্র রোড, ৬ নম্বর ওয়ার্ডের ব্রিজ ক্রসিং, পি কে মুখার্জি রোড সহ বিভিন্ন রাস্তায় বাড়ি বাড়ি পৌঁছে যান কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। বিকালে তিনি ৩ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোড, জে কে ঘোষ রোডে প্রচার চালান। এদিন বিকালে আলিমুদ্দিন স্ট্রিট থেকে মেগা রোড শো করেন চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। কলুটোলা এলাকায় প্রচার সারেন জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিজয় উপাধ্যায়।
পিছিয়ে ছিলেন না বিরোধী প্রার্থীরা। বালিগঞ্জের সিপিএম প্রার্থী আফরিন বেগম সকালে ছিলেন পদ্মপুকুর এলাকায়। বিকালে তিনি ৬৫ নম্বর ওয়ার্ডের তিলজলা মসজিদবাড়ি লেনে প্রচার সারেন। টালিগঞ্জের বামপ্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস সকালে ১১১ নম্বর ওয়ার্ডের ব্রহ্মপুর এলাকায় ও বিকালে গীতাঞ্জলি মেট্রো সংলগ্ন অঞ্চলে জনসংযোগ করেন। কসবা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপু দাস সকালে ঢকুরিয়া ব্যানার্জিপাড়া, মুখার্জিপাড়া এলাকায় প্রচার চালান। সন্ধ্যায় ঢাকুরিয়া থেকে হালতু পর্যন্ত মিছিল করেন তিনি। তাঁর প্রচারে হাজির ছিলেন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্রের বাম প্রার্থী নীহার ভক্ত সকালে পর্ণশ্রী সাংস্কৃতিক কেন্দ্রে প্রচার চালান। ট্যাংরায় প্রচার করেন এন্টালির বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। চাঁদনি বাজারে ঘুরে জনসংযোগ সারেন চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক। প্রসঙ্গত, কলকাতায় ভোট আগামী ২৯ এপ্রিল। তার ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ হয়ে যায়। অর্থাৎ ২৭ এপ্রিল পর্যন্ত প্রচারের সুযোগ পাবে রাজনৈতিক দলগুলি।