• পুলিশকে মারধরের অভিযোগ যাদবপুরে, গ্রেপ্তার তিন যুবক
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাত আড়াইটের সময় রাস্তায় দাঁড়িয়ে কেন? এই প্রশ্ন করায় পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে যাদবপুরে। ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ির চালকের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে যাদবপুর থানা এলাকার তালবাগানে। গাড়ির চালক চিকিৎসার পর থানায় এসে অভিযোগ করলে পুলিশ সরকারি কর্মচারির কাজে বাধাদান, মারধরসহ একাধিক ধারায় অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আড়াইটে নাগাদ তালবাগান এলাকায় নাইট পেট্রোলিংয়ে যান যাদবপুর থানারঅফিসাররা। তাঁদের নজরে আসে, সেখানে দাঁড়িয়ে রয়েছে জনা তিনেক যুবক। তাঁরা চিৎকার করছে।  একটি চায়ের দোকান খোলা রয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মীরা জানতে চান, এত রাতে তাঁরা এখানে কী করছে? তদন্তকারীদের দাবি, কর্তব্যরত পুলিশের সঙ্গে তারা তর্ক জুড়ে দেয়। ওই যুবকরা বলতে থাকে, রোজ তাঁরা গভীর রাত পর্যন্ত গল্প করে। তাতে আপত্তি কোথায়। পুলিশের টিম বোঝানোর চেষ্টা করে নির্বাচনের কারণে গভীর রাতে রাস্তায় থাকা ব্যক্তির কাছে তারা জানতে চাইছে কেন সেখানে রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি। এই নিয়ে ঝামেলা শুরু করে অভিযুক্তরা। তাঁদের মধ্যে একজন রাস্তা থেকে ইট কুড়িয়ে পুলিশের গাড়ির চালক পলাশ হালদারকে লক্ষ্য করে ছোড়ে। এতে ওই হোম গার্ডের মাথা ফাটে। অন্য পুলিশ কর্মীদেরও তারা মারধর করে বলে অভিযোগ। সেখানে পেট্রোলিংয়ে যাওয়া পুলিশ কর্মীরা থানায় ঘটনার কথা জানান। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আটক করা হয় তিন যুবককে। হোম গার্ডকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ায় হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি থানায় এসে লিখিত অভিযোগ করলে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, অভিযুক্তরা আগেও এই কাজ করেছে।
  • Link to this news (বর্তমান)