• ভাটপাড়ায় ৫টি আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুষ্কৃতী
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোটের আবহে ভাটপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুজিত চৌধুরী ওরফে কালুয়া। ভোটের আগে এত আগ্নেয়াস্ত্র তিনি কেন মজুত করেছিলেন, তা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। তবে এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা ধৃত কালুয়ার সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে সরব হয়েছে। যদিও তৃণমূল ওই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার গভীর রাতে ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া নারায়ণপুর বাদামতলা এলাকায় হানা দিয়ে পুলিশ অস্ত্র সহ কালুয়াকে গ্রেপ্তার করে। গত ৯ মার্চ বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দেওয়ার কারণে কাঁকিনাড়া বড় শ্রীরামপুর এলাকার বাসিন্দা বিজেপি কর্মী রাজুকুমার সাউকে মারধরের অভিযোগ উঠেছিল কালুয়ার বিরুদ্ধে। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছিল। চার মাসে ভাটপাড়া থানার পুলিশ মোট ৪১টি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড কার্তুজ উদ্ধারের পাশাপাশি ২৮ জনকে গ্রেপ্তার করেছে। রবিবার এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন জগদ্দলের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার। তিনি জগদ্দলের বিদায়ী বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে কালুয়ার ছবি দেখিয়ে অভিযোগ করেন, ধৃত কালুয়া সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ। যদিও জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম বলেন,আমার সঙ্গে তো অনেকেরই ছবি আছে। কে কখন কি উদ্দেশ্যে ছবি তুলছে সেটা আমি কেন, কারোর পক্ষেই জানা সম্ভব নয়।
  • Link to this news (বর্তমান)