নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর পাঁচ মাস আগে ‘অসুররূপী বিজেপি’কে গণতান্ত্রিকভাবে বিসর্জনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা নববর্ষের ঠিক তিনদিন আগে জনসভা থেকে তৃণমূলের সেনাপতির ঘোষণা, ‘বিসর্জনের খুঁটিপুজো শুরু করে দিলাম। ৪ মে বিসর্জন।’
৪ মে কেন? কারণ, ওইদিনই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। আর বাংলার মানুষের রায়ে বিজেপির গণতান্ত্রিকভাবে বিসর্জনের ব্যাপারে প্রত্যয়ী অভিষেক। তাঁর এই প্রত্যয়ের নেপথ্যে রয়েছে সভা-সমাবেশে কাতারে কাতারে মানুষের উপস্থিতি। অভিষেক তাই নিশ্চিত, ‘বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার।’ রবিবার হুগলি জেলার সপ্তগ্রাম ও চুঁচুড়ার তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন অভিষেক। এছাড়াও ময়না বিধানসভায় রোড-শো এবং কেশপুরে জনসভা ছিল তাঁর। প্রত্যেক মঞ্চ থেকেই বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন অভিষেক। তাঁর বার্তা, ‘এ শুধুই সরকার গড়ার নয়, বাংলা ও বাঙালির অসম্মানের জবাব দেওয়ার ভোট। যে বিজেপি সন্ত্রাসের বাতাবারণ তৈরি করছে, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আগামী দিনে মানুষের শক্তির কাছে ওরা মাথা নত করবেই।’
কেন তৃণমূলকে বাংলার মানুষ ভোট দেবেন, তার কারণও নির্বাচনি জনসভা থেকে জানান দিয়েছেন তৃণমূল সেনাপতি। তাঁর বক্তব্য, ‘বিজেপির গ্যারান্টির কোনো ওয়ারেন্টি নেই। ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করে। মানুষের উপর অত্যাচার করে। মানুষের সঙ্গে বঞ্চনা করে। সেখানে তৃণমূলের গ্যারান্টি হল সারা জীবনের ওয়ারেন্টি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগামী দিনে সবার মাথার উপর পাকা ছাদ, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করে দেবে। বিজেপির মতো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমাদের রাজনীতি কর্মের ভিত্তিতে।’ তাই সাধারণ মানুষের কাছে অভিষেকের আবেদন, ‘উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি করে তৃণমূলের পাশে থাকুন। এমনভাবে ভোট দিন, যাতে ৪ মে ফল ঘোষণার দিন বিজেপি সরষে ফুল দেখে।’