• আসন্ন নববর্ষ, একাধিক পুজো-পার্বণ, হিমঘরে মজুত ৩০ কোটি টাকার ফুল, চাঙা হচ্ছে বাজার
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই বাংলাজুড়ে একগুচ্ছ পুজো‑পার্বণ। সেই তালিকায় রয়েছে নীলষষ্ঠী, গাজন, চড়ক ও নববর্ষ। এই সূত্রে চাঙা হতে শুরু করেছে কলকাতার ফুলবাজার। ইতিমধ্যে বিভিন্ন হিমঘরে প্রায় ৩০ কোটি টাকার ফুল মজুত হয়েছে। বুধবার এই খবর জানান, সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক। তিনি বলেন, এসব ফুলের মধ্যে রয়েছে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, পদ্ম প্রভৃতি। 

    কলকাতা ফুলবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ধীরে ধীরে ওই সমস্ত ফুল হিমঘর ঘেকে কলকাতার পাইকারি বাজারে আসতে শুরু করেছে। আগামী শনি‑রবিবারের মধ্যে বাকি মজুত ফুল কলকাতার বাজারে চলে আসবে। অন্নপূর্ণা, বাসন্তী, রামনবমীর পর ফুলবাজার কিছুটা ঝিমিয়ে পড়েছিল। কিন্তু বাংলা বছর শেষ হওয়ার মুখে একসঙ্গে একাধিক পুজো‑পার্বণ পড়ায় ঝিমিয়ে পড়া ফুলবাজার ফের চাঙা হতে শুরু করেছে। ব্যবসায়ীদের একাংশ বুধবার জানান, এদিনই থেকেই বেল, রজনীগন্ধা, পদ্ম, গোলাপ, জুঁই, গাঁদা ফুলের চাহিদা বেশ ভালোই ছিল। নববর্ষ পর্যন্ত বাজার এমনই ভালো থাকবে। নববর্ষের দিন গণেশ পুজো এবং হালখাতা হয়। এই উপলক্ষ্যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সেজে ওঠে রজনীর মালায়। তাই বিভিন্ন ছোটো ফুল ব্যবসায়ী বুধবার থেকেই কেজি দরে রজনীগন্ধা কিনে নিয়ে যাচ্ছেন। 

    এদিন কলকাতার দুই ফুল ব্যবসায়ী তাপস দাস ও সঞ্জয় মালাকার বলেন, বুধবার থেকেই বিভিন্ন ফুলের চাহিদা ভালো। তার উপর আজ লক্ষ্ণীবার। তাই দাম আরো বাড়ছে। তাঁদের কথায়, বাজার চড়া থাকলে বেশি দামেই ফুল বেচতে হয়। এই ধারা আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)