নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালো হলুদ ডোরাকাটা শাড়ি পরে মহিলা হাঁটছিলেন দমদম রোড ধরে। আঁচলটা শাড়িতে গোঁজা। আচমকা তাঁকে ঘিরে ধরে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের টিম। মহিলা পুলিশ দিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হল ৩ কেজির বেশি গাঁজা। তলপেট ও পায়ে সেলোটেপ দিয়ে সাঁটা ছিল বেআইনি মাদক। মহিলার সঙ্গী ছিলেন আরও এক যুবক। দু’জনকেই আটক করে লালবাজার নিয়ে যাওয়া হয়। তাঁদের জেরা করে আরও ১৪ কেজি ৬৫১ গ্রাম নিষিদ্ধ মাদকের হদিশ পায় এসটিএফ। বাবুঘাটের একটি ওড়িশাগামী বাস সার্ভিসের টিকিট কাউন্টারে হানা দিয়ে পাওয়া যায় সেই বিপুল গাঁজা। যার বাজার দর প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা। লালবাজার জানিয়েছে, মহিলা ও যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুমি ওঝা (৩৭) ও সন্টু গায়েন (৩৫)। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙায়।