নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে কলকাতা পুলিশে প্রশাসনিক কাঠামোয় বড়োসড়ো রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার স্তরে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নির্বাচনের মুখে এই রদবদলে পুলিশ মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। যুগ্ম কমিশনার (সদর) হিসাবে সুদীপ সরকারকে আইন-শৃঙ্খলা, কন্ট্রোল রুম, নির্বাচন সেল সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, সোমা দাস মিত্রকে যুগ্ম কমিশনার (অপরাধ) হিসাবে গোয়েন্দা বিভাগ, সাইবার ও আদালত সংক্রান্ত বিষয়গুলির দায়িত্বে আনা হয়েছে। ইন্টেলিজেন্স শাখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবস্মিতা দাসকে। বিশেষ শাখা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত দপ্তরগুলি তাঁর তত্ত্বাবধানে থাকবে। পাশাপাশি ট্রাফিক ও পরিবহণ সংক্রান্ত একাধিক দপ্তরের দায়িত্বে রয়েছেন রূপেশ কুমার। একইভাবে অতিরিক্ত কমিশনার স্তরেও দায়িত্ব বণ্টনে বড়োসড়ো পরিবর্তন আনা হয়েছে। আইন-শৃঙ্খলা, নির্বাচন সেল, সশস্ত্র পুলিশ ও বিশেষ বাহিনী—একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের তদারকি করবেন দেবেন্দ্র প্রকাশ সিংহ। একইসঙ্গে ট্রাফিক, সিসিটিভি সেল, ডায়াল ১০০, কমিউনিটি পুলিশিং—এসব ক্ষেত্রের দায়িত্ব দেওয়া হয়েছে সন্তোষ পাণ্ডের হাতে। পুলিশ সূত্রের খবর, ভোটের আগে বিশেষ করে নির্বাচন সেল, আইন-শৃঙ্খলা এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় করতে এই পরিবর্তন।