• ফ্ল্যাট থেকে যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, গ্রেপ্তার দুই
    বর্তমান | ১৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বাঘাযতীন কাণ্ডের রেশ না কাটতেই শহরের বুকে ফের গুলি বিদ্ধ হয়ে ম়ৃত্যু এক যুবকের। নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায় একটি ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। মৃতের নাম অরূপ মণ্ডল (৩৭)। রবিবার গভীর রাতে এই ঘটনাটি সামনে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ ওই ফ্ল্যাটে একাই থাকতেন। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাঁর মাথায় আঘাতের চিহ্নও পাওয়া গেছে বলে জানা গিয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

    পরিবারের দাবি, রাত প্রায় একটার দিকে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পান অরূপের মামা শংকর নস্কর। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরে পুলিশকে জানানো হয়। ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।

    এই ঘটনায় সন্দেহ করা হয় অরূপের এক বান্ধবী ও বন্ধুর উপর। পুলিশ অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তাঁর বন্ধু রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)