এই সময়, সোনারপুর: ভোট প্রচারে অন্যতম ইস্যু হয়ে উঠল জলাভূমির ওপর অবৈধ নির্মাণ। সম্প্রতি রাজপুর-সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মা মাটি মানুষ নগরে একটি নির্মীয়মাণ দোতলা বাড়ি হেলে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সেই বাড়ি দেখতে যান সোনারপুর উত্তরের সিপিএম প্রার্থী মোনালিসা সিনহা। তিনি জলাভূমির উপরে অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছেন। এই ঘটনার জন্য এলাকার তৃণমূল বিধায়ককে দায়ী করেছেন তিনি।
একই ইস্যুতে সরব হয়েছেন সোনারপুর উত্তরের বিজেপি প্রার্থী দেবাশিস ধরও। তিনি বলেন, 'নাজিরাবাদ কাণ্ডের পরও তৃণমূল এলাকায় একের পর এক বেআইনি নির্মাণে মদত দিচ্ছে।'
রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বাম প্রার্থী মোনালিসা বলেন, 'যে ভাবে জলাভূমির উপরে বিল্ডিং তৈরি হচ্ছিল তাতে যদি মানুষ বসবাস করত তা হলে আরও বড় বিপদ হতো।' পুরসভা সূত্রে খবর, কয়েক বছর আগে ওই এলাকায় ৪০টি পরিবারকে সরকারি ভাবে থাকার ব্যবস্থা করা হয়। তাদের কেউ খালের উপরে কংক্রিটের পিলার তুলে এই কাজ করছে বলে অভিযোগ। বিদায়ী বিধায়ক তথা সোনারপুর উত্তরের তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম বলেন, 'ওই নির্মাণ কী ভাবে হচ্ছিল, কে বা কারা করছিল তা খতিয়ে দেখছে পুরসভা।'